বার্সেলোনাকে ‘বাঁচানো’ গার্সিয়াকে নিয়ে উচ্ছ্বসিত ফ্লিক

ম্যাচের শুরু থেকে যেভাবে খেলেছে ভিয়ারেয়াল, গোল পেতে পারত তারা একাধিক। কিন্তু বারবার তাদের হতাশ করেছেন হোয়ান গার্সিয়া। দারুণ কিছু সেভ করে জাল অক্ষত রাখা এই স্প্যানিশ গোলরক্ষকের পারফরম্যান্সে ভীষণ খুশি বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।

ভিয়ারেয়ালের মাঠে রোববার লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতে বছর শেষ করে বার্সেলোনা।

দ্বাদশ মিনিটে পেনাল্টি থেকে শিরোপাধারীদের এগিয়ে নেন রাফিনিয়া। ৩৯তম মিনিটে আরেক ধাক্কা খায় ভিয়ারেয়াল, লামিনে ইয়ামালকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার রেনাতো ভেইগা। ৬৩তম মিনিটে ব্যবধান বাড়ান ইয়ামাল।

পুরো ম্যাচে অনেক সুযোগ তৈরি করে ভিয়ারেয়াল। তবে গার্সিয়ার দেয়াল ভাঙতে পারেনি তারা। মোট পাঁচটি সেভ করেন ২৪ বছর বয়সী গোলরক্ষক। যার মধ্যে কিছু ছিল দুর্দান্ত।

ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় গার্সিয়াকে প্রশংসায় ভাসান ফ্লিক।

“আমার সবচেয়ে ভালো লেগেছে তিন পয়েন্ট পাওয়া। আমার দল কিছুটা ক্লান্ত, তবে মানসিকতা অবিশ্বাস্য। হোয়ান (গার্সিয়া) আমাদের গোল হজম করা থেকে বাঁচিয়েছে। দুর্দান্ত ছিল সে।”

এম এম