‘রেড রোমান্স’ স্ট্রবেরি মকটেল

ভালোবাসার রঙের সাথে মিল রেখে এই মকটেলটি তৈরি করা অত্যন্ত সহজ কিন্তু পরিবেশনায় এটি দারুণ অভিজাত। চিংড়ি পোলাওয়ের মতো মশলাদার খাবারের পর এই রিফ্রেশিং পানীয়টি মুহূর্তেই ক্লান্তি দূর করে দেবে।

​উপকরণ-
১। ​তাজা স্ট্রবেরি ৫-৬টি (পিউরি বা পেস্ট করা)
২। ​লেবুর রস ১ টেবিল চামচ
৩। ​চিনির সিরাপ ২ টেবিল চামচ (স্বাদমতো)
৪। ​স্প্রাইট বা সোডা ওয়াটার: ১ গ্লাস
৫। ​বরফ কুচি: প্রয়োজনমতো
৬। ​পুদিনা পাতা: ৩-৪টি (সাজানোর জন্য)

প্রণালি-
গ্লাস সাজানো-

একটি সুন্দর কাঁচের গ্লাসের কিনারায় লেবুর রস মাখিয়ে নিন। এবার একটি প্লেটে সামান্য চিনি ছড়িয়ে গ্লাসের মুখটি উল্টো করে চিনির ওপর ঘুরিয়ে নিন। এতে গ্লাসের মুখে চিনির একটি সাদা বর্ডার তৈরি হবে যা দেখতে দারুণ লাগে।
মকটেল তৈরি-
গ্লাসে প্রথমে স্ট্রবেরি পিউরি, লেবুর রস এবং চিনির সিরাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার গ্লাসের অর্ধেকটা বরফ কুচি দিয়ে ভরে দিন।

ফিনিশিং টাচ-
গ্লাসের ওপর থেকে ধীরে ধীরে ঠান্ডা স্প্রাইট বা সোডা ওয়াটার ঢেলে দিন। লাল এবং সাদার একটা চমৎকার মিশ্রণ তৈরি হবে। সবশেষে একটি আস্ত স্ট্রবেরি মাঝখান থেকে চিরে গ্লাসের কিনারায় বসিয়ে দিন এবং ওপরে পুদিনা পাতা ছড়িয়ে দিন।

​স্ট্রবেরি না থাকলে আপনি এর বদলে আনারের রস  ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন পানীয়টি যেন একদম ঠান্ডা থাকে। ভালোবাসা দিবসের সন্ধ্যায় এক চিমটি বিট লবণ মিশিয়ে দিলে এর স্বাদ আরও চটপটে হয়।

-বিথী রানী মণ্ডল