বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা–এর বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে দলটি। এতে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন তিনি।

এদিকে, শুক্রবার গভীর রাত পর্যন্ত গুলশানে নিজ কার্যালয়ে অবস্থান করেন তারেক রহমান। এ সময় দলের নেতারা তাঁর সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। নতুন সরকার গঠন নিয়ে দফায় দফায় বৈঠকও করেন তিনি। গভীর রাত পর্যন্ত চেয়ারম্যানের কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়।

-এমইউএম