টি–টুয়েন্টি বিশ্বকাপে আরব আমিরাতের দ্বিতীয় জয়

তৃতীয়বারের মতো টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলছে সংযুক্ত আরব আমিরাত। আগের দুবারে জয় ছিল মাত্র ১টি। আজ কানাডাকে হারিয়ে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে আমিরাত।

দিল্লিতে প্রথমে ব্যাট করে কানাডা করে ৭ উইকেটে ১৫০ রান। তাড়া করতে নেমে সংযুক্ত আরব আমিরাত ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

গ্রুপ ‘ডি’–তে আরব আমিরাত–কানাডা দুই দলেরই দ্বিতীয় ম্যাচ ছিল এটি। আমিরাত টুর্নামেন্ট শুরু করে নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে, কানাডা ৫৭ রানে হেরেছিল দক্ষিণ আফ্রিকার কাছে।

দিল্লিতে আজ আমিরাত জয়ের দেখা পেয়েছে আর্যাংশ শর্মা ও শোয়াইব খানের পঞ্চম উইকেট জুটিতে ৮৬ রানের সুবাদে। শোয়াইব ২৯ বলে ৫১ রান করে আউট হলেও আর্যাংশ ৫৩ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন।

এর আগে কানাডা ১৫০ রান করে হার্শ ঠাকুরের ৫০ ও নবনীত ধালিওয়ালের ৩৪ রানের সুবাদে। জুনায়ের সিদ্দিক ৩৫ রানে নেন ৫ উইকেট।

সংযুক্ত আরব আমিরাত টি–টুয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় পেয়েছিল ২০২২ আসরে। সে বার অস্ট্রেলিয়ার মাটিতে নামিবিয়াকে ৭ রানে হারিয়েছিল দলটি।

‘ডি’ গ্রুপে ৪ পয়েন্ট করে নিয়ে সেরা দুইয়ে আছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

-বেলাল