ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ নিয়ে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট দেন তিনি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী লেখেন, আমি তারেক রহমান এবং বিএনপিকে তাদের বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। এটি গণতন্ত্রের এক বিজয়। অসাধারণ চ্যালেঞ্জের একটি সময় অতিক্রম করার পর বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে স্পষ্টভাবে তাদের মতামত ব্যক্ত করেছেন।
তিনি আরও লেখেন, আমি আমার প্রিয় বন্ধু ড. মুহাম্মদ ইউনূসের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি এই গুরুত্বপূর্ণ সময়ে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করেছেন।
মালয়েশিয়া-বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন গতি দিতে আগ্রহী। আমি মালয়েশিয়াবাসীর পক্ষ থেকে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, বলেও পোস্টে লেখেন আনোয়ার ইব্রাহিম।
-বেলাল










