২০২৫ উসমান দেম্বেলের ‘ক্লিন সুইপ’: রোনালদোর মিশন ১০০০ গোল

ফুটবল ইতিহাসে ২০২৫ সালটি যদি কারো নামে লিখে রাখতে হয়, তবে তিনি উসমান দেম্বেলে। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত মাঠের পারফরম্যান্স আর মর্যাদাপূর্ণ সব পুরস্কার জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই ফরাসি ফরোয়ার্ড। ব্যালন ডি’অর এবং ফিফার বর্ষসেরা পুরস্কারের পর এবার দুবাই গ্লোব সকার অ্যাওয়ার্ডসেও ‘সেরা পুরুষ খেলোয়াড়’ নির্বাচিত হয়েছেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে দেম্বেলের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। গত মৌসুমে পিএসজিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতাতে তার জাদুকরী ভূমিকা ছিল অনস্বীকার্য। সব মিলিয়ে ৩৫টি গোল এবং লিগ ওয়ান ও ফরাসি কাপসহ মোট ৬টি ট্রফি জিতে দেম্বেলে পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপে, রাফিনহা ও লামিন ইয়ামালদের মতো তারকাদের।
ইয়ামালের দাপট ও ম্যারাডোনা অ্যাওয়ার্ডঃ
ব্যালন ডি’অর ও গ্লোব সকারের মূল পুরস্কারের লড়াইয়ে দেম্বেলের কাছে হেরে গেলেও খালি হাতে ফেরেননি বার্সেলোনার বিস্ময় বালক লামিন ইয়ামাল। ১৮ বছর বয়সী এই স্প্যানিশ তারকা জিতেছেন বছরের ‘সেরা ফরোয়ার্ড’ পুরস্কার। এছাড়া বল পায়ে তার অসাধারণ শৈলী ও প্রতিভার স্বীকৃতি হিসেবে তাকে দেওয়া হয়েছে মর্যাদাপূর্ণ ‘ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা অ্যাওয়ার্ড’।
রোনালদোর মিশন ১০০০ঃ
পুরস্কার মঞ্চে বাড়তি আলো কেড়েছেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। করিম বেনজেমা ও রিয়াদ মাহরেজকে পেছনে ফেলে ‘মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়’ নির্বাচিত হয়েছেন আল নাসর তারকা। বর্তমানে ৯৫৬ গোলের মালিক সিআরসেভেন মঞ্চে দাঁড়িয়ে নিজের নতুন লক্ষ্যের কথা জানান। রোনালদো বলেন, “আমার লক্ষ্য এখনো গোল করে যাওয়া। আমি এক হাজার গোল করবই, যদি ইনজুরি বাগড়া না দেয়।”
জয়ের তালিকায় পিএসজির জয়জয়কারঃ
২০২৫ সালের গ্লোব সকার অ্যাওয়ার্ডসে একক আধিপত্য দেখিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। বছরের সেরা ক্লাব নির্বাচিত হয়েছে ফরাসি এই জায়ান্টরা। এছাড়া দলটির কোচ লুইস এনরিকে জিতেছেন ‘সেরা কোচ’-এর পুরস্কার এবং তরুণ প্রতিভা দেজিরে দুয়ে হয়েছেন ‘সেরা উদীয়মান খেলোয়াড়’।
এক নজরে ২০২৫ গ্লোব সকার অ্যাওয়ার্ডস বিজয়ীরা:
  • সেরা পুরুষ খেলোয়াড়: উসমান দেম্বেলে (পিএসজি)
  • সেরা ফরোয়ার্ড ও ম্যারাডোনা অ্যাওয়ার্ড: লামিন ইয়ামাল (বার্সেলোনা)
  • সেরা কোচ: লুইস এনরিকে (পিএসজি)
  • সেরা উদীয়মান খেলোয়াড়: দেজিরে দুয়ে (পিএসজি)
  • সেরা মিডল ইস্ট খেলোয়াড়: ক্রিশ্চিয়ানো রোনালদো (আল নাসর)
  • সেরা ক্লাব: পিএসজি
ফুটবল বোদ্ধাদের মতে, উসমান দেম্বেলের এই সাফল্য কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং বিশ্ব ফুটবলে এক নতুন যুগের ইঙ্গিত।

 

-এম. এইচ. মামুন