জামানত হারালেন জাতীয় পার্টির তিনবারের সাবেক এমপি ইমাম

ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তিনবারের সাবেক সংসদ সদস্য (এমপি) ফখরুল ইমাম। তিনি পেয়েছেন মাত্র এক হাজার ৭৬১ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আসনটিতে প্রদত্ত ভোটের সংখ্যা এক লাখ ৯৪ হাজার ৯১৪। এর মধ্যে মোট বৈধ ভোট পড়েছে এক লাখ ৮৯ হাজার ৯৯০টি। বাতিল ভোটের সংখ্যা চার হাজার ৯৪০টি। প্রদত্ত ভোটের হার ৫৫.৮৭ শতাংশ। বিধি অনুযায়ী জামানত অক্ষুণ্ন রাখতে হলে একজন প্রার্থীকে মোট বৈধ ভোটের ন্যূনতম ১২ দশমিক ৫ শতাংশ অর্জন করতে হয়। সে অনুযায়ী ফখরুল ইমাম মাত্র এক হাজার ৭৬১টি ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

১৯৮৮ সালের নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টির ফখরুল ইমাম। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী ফখরুল ইমাম এমপি নির্বাচিত হন। তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এবারের নির্বাচনে আসনটিতে এমপি নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। তিনি পেয়েছেন এক লাখ ৮ হাজার ৬৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোট থেকে এলডিপির ছাতা প্রতীকের ড. আওরঙ্গজেব বেলাল পেয়েছেন ৪৬ হাজার ৫১৫ ভোট।

এ আসনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে দল থেকে পদত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে অংশ নেন শাহ নুরুল কবির শাহীন। তিনি পেয়েছেন ৩৩ হাজার ২৯ ভোট। ২০০১ সালের নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছিলেন বিএনপির শাহ নুরুল কবির শাহীন।

এ আসনের মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪৮ হাজার ৮৭৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭৯ হাজার ৪৩৭ জন, নারী ভোটার এক লাখ ৬৯ হাজার ৪৩৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছয়জন।

-বেলাল