মটরশুঁটির মালাই কোফতা

শীতের দুপুরে অতিথি আপ্যায়নে বা স্পেশাল লাঞ্চে সাদা ভাতের চেয়ে ফ্রাইড রাইস বা পোলাওয়ের কদর বেশি। আর সেই পোলাওয়ের সাথে যদি থাকে সবুজ মটরশুঁটির ‘মালাই কোফতা’, তবে ভোজনরসিকদের আর কিছুই লাগে না। মাংসের কোফতাকে টেক্কা দেওয়ার মতো এই নিরামিষ পদটি বর্তমানে রাজকীয় ভোজের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে।

উপকরণ-
​১। ​মটরশুঁটি বাটা ২ কাপ (আধবাটা করলে ভালো)
২। ​সেদ্ধ আলু ২পি (বাইন্ডিংয়ের জন্য)
৩। ​কাঁচামরিচ কুচি ও আদা কুচি ১ চা চামচ
৪। ​বেসন: ২ টেবিল চামচ (হালকা ভাজা)
৫। ​গরম মশলা গুঁড়ো সামান্য
৬। ​তেল: ভাজার জন্য
৭।​নারিকেল দুধ বা ফ্রেশ ক্রিম ১ কাপ

৮।​টমেটো ও পেঁয়াজ বাটা আধা কাপ
৯। ​কাজু বাদাম ও মগজ দানা বাটা ২ টেবিল চামচ
১০। ​আদা-রসুন বাটা ১ টেবিল চামচ
১১।​ঘি ও গরম মশলা ফোড়ন

​প্রণালি-
​ কোফতা তৈরি-

মটরশুঁটি বাটার সাথে সেদ্ধ আলু, বেসন, কাঁচামরিচ ও মশলা মিশিয়ে নিন। এবার হাতের তালুতে নিয়ে ছোট ছোট বল বা কোফতার আকার দিন। কড়াইতে তেল গরম করে কোফতাগুলো ডুবো তেলে সোনালি করে ভেজে তুলে রাখুন।

​ রাজকীয় গ্রেভি-

কড়াইতে ঘি ও তেল গরম করে আস্ত গরম মশলা ফোড়ন দিন। পেঁয়াজ, আদা-রসুন ও টমেটো বাটা দিয়ে ভালো করে কষান। মশলা থেকে তেল ছাড়লে কাজু বাদাম বাটা ও নারিকেল দুধ (বা ক্রিম) মিশিয়ে দিন। গ্রেভি ফুটে উঠলে সামান্য চিনি ও লবণ দিন।
দমে বসানো-

গ্রেভি মাখা মাখা হয়ে এলে ভাজা কোফতাগুলো সাবধানে বিছিয়ে দিন। কোফতা দেওয়ার পর খুব বেশি নাড়বেন না, কারণ এগুলো খুব নরম হয়। ওপরে সামান্য কসুরি মেথি ও ঘি ছড়িয়ে নামিয়ে নিন।
​গরম গরম বাসন্তী পোলাও, রুমালি রুটি কিংবা সাধারণ ধোঁয়া ওঠা ভাতের সাথে এই মটরশুঁটির মালাই কোফতা পরিবেশন করুন। ডিশের ওপরে সামান্য কুঁচো করা মটরশুঁটি ছড়িয়ে দিলে এটি দেখতে আরও আকর্ষণীয় লাগবে।

-বিথী রানী মণ্ডল