ঢাকা-১১: এনসিপির নাহিদ ইসলাম বেসরকারিভাবে জয়ী

ঢাকা-১১ আসনের প্রাথমিক ফলাফলে জয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাহিদ ইসলাম। শাপলা কলি প্রতীকে তিনি পেয়েছেন ৯৩ হাজার ৮৭২ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট। ফলে নাহিদ ইসলাম ২ হাজার ৩৯ ভোটের ব্যবধানে জয়ী হন।

শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ফল ঘোষণা করেন। তিনি জানান, পোস্টাল ভোটসহ মোট ১৬৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের হার ছিল ৪৫ শতাংশ।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা-১১ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৩৯ হাজার ৭৫ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৩৭০ জন। বাতিল হয়েছে ৩ হাজার ৫১৭টি ভোট। ফলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৯২ হাজার ৮৫৩টি।

অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর শেখ ফজলে বারী মাসউদ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩৭৫ ভোট, জাতীয় পার্টির শামীম আহমেদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তার ফুটবল প্রতীকে পেয়েছেন ৭৯৪ ভোট।

উল্লেখ্য, রাজধানীর বেরাইদের এ কে এম রহমতুল্লাহ কলেজ কেন্দ্রে ভোট দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

-সাবরিনা রিমি