ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও চর রাজীবপুর) আসনে বড় ভাইকে হারিয়ে জয় পেয়েছেন ছোট ভাই। এ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮ হাজার ২১০ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বড় ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর প্রার্থী আজিজুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৪২৩ ভোট। দুই ভাইয়ের মধ্যে ভোটের ব্যবধান ২৩ হাজার ৭৮৭।
ফলাফল ঘোষণার পর শুক্রবার সকালে মোস্তাফিজুর রহমান বলেন, রাজনীতির মাঠে তাঁর বড় ভাই গুরুজন। তাঁকে সঙ্গে নিয়েই এলাকার উন্নয়ন পরিকল্পনা করতে চান। জয়-পরাজয় যেন পারিবারিক সম্পর্কে কোনো প্রভাব না ফেলে, সে জন্য সবার দোয়া কামনা করেন তিনি।
ভোট গ্রহণ শুরু হয় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় এবং চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোট গণনা শেষে রাত তিনটার দিকে জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ফলাফল ঘোষণা করেন।
কুড়িগ্রাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক বেসরকারিভাবে জামায়াত প্রার্থীর জয়ের বিষয়টি নিশ্চিত করেন।
মোস্তাফিজুর রহমান বলেন, তিনি এখন সবার প্রতিনিধি হিসেবে কাজ করতে চান এবং দল–মত নির্বিশেষে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেবেন। বড় ভাইয়ের রাজনৈতিক অভিজ্ঞতাও কাজে লাগাতে চান বলে জানান তিনি।
এই আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৬২ হাজার ৭৫৩ জন। পোস্টাল ব্যালটে বৈধ ভোট পড়েছে ২ হাজার ৮৪৫টি। ভোটের হার ছিল ৬২ দশমিক ৩৪ শতাংশ।
এ আসনে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাসদ, বাসদ (মার্ক্সবাদী) ও স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।
সাবরিনা রিমি/










