আমি আনন্দিত। দীর্ঘদিন পর ভোট দিলাম — কুদ্দুস বয়াতি

দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। রাজনীতির মাঠের পাশাপাশি সরগরম শোবিজ অঙ্গনও। দীর্ঘদিন পর ভোট দিতে পেরে উচ্ছ্বসিত জনপ্রিয় সংগীতশিল্পী কুদ্দুস বয়াতি।

সেই ভালো লাগার অনুভতি আলোকিত স্বদেশের সঙ্গে ভাগ করে নিয়ে বললেন, ‘খুব ভালো লাগছে। আমি আনন্দিত। দীর্ঘদিন পর ভোট দিলাম। কারণ এই তিন ইলেকশনে ভোট কীভাবে হয়েছে তা সবাই জানে।’

শ্রেণি ধর্ম নির্বিশেষে পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটকেন্দ্রে যাচ্ছেন ভোটাররা— উল্লেখ করে বয়াতি বলেন, ‘এবার সবাই ভোট দিচ্ছে। যাদের ২৫-৩০ বছর তারাও কিন্তু এতদিন ভোট দিতে পারেনি। এ বছর প্রথম ভোট দিচ্ছে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সবাই সবকিছু বন্ধ করে ভোট দিতে যাচ্ছে।’

সবশেষে এ গায়কের প্রত্যাশা, ‘আশা করি যে-ই সরকারে যাক দেশের জন্য ভালো কিছু করবে।’ আজ সকাল আটটা থেকে সারা দেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।

মাহমুদ সালেহীন খান