দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকার প্রয়োগ করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২ মিনিটে নিজ উপজেলা মদনের কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি।
নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের এই প্রার্থী ভোটদান শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় বলেন, “আমি কল্পনাও করিনি জীবনে আবার ভোট দিতে পারব। ১৭ বছর পর ভোট দিতে পেরেছি—আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া।” এ সময় তার স্ত্রী ও সন্তানরাও তার সঙ্গে ভোট দেন।
লুৎফুজ্জামান বাবর প্রথম ১৯৯১ সালে বিএনপির প্রার্থী হিসেবে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে পুনরায় নির্বাচিত হয়ে বিএনপি-জামায়াত জোট সরকারের মন্ত্রিসভায় স্থান পান এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ে তিনি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন।
২০০৮ সালের সংসদ নির্বাচনে বিএনপি তাকে মনোনয়ন না দিলেও তিনি কারাগার থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ কারণে দল থেকে বহিষ্কৃত হন। যদিও পরে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়, এরপর আর কেন্দ্রীয় বা জেলা পর্যায়ে কোনো পদ পাননি। সে নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন; বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন অনেক পিছিয়ে।
এবারের নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে বাবরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর আল হেলাল তালুকদার, সিপিবির কেন্দ্রীয় সদস্য জলি তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুখলেছুর রহমান এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার।
–মহসিন মিয়া, নেত্রকোনা










