ভোট দিলেন নায়িকা বর্ষা

সারাদেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সাধারণ মানুষের পাশাপাশি এতে অংশ নিচ্ছেন চলচ্চিত্র অঙ্গনের তারকারাও। এরই ধারাবাহিকতায় নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোট দেওয়ার পর সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে দেখা যায়, চশমা পরিহিত স্নিগ্ধ সাজে বর্ষা তার বাম হাতের বৃদ্ধাঙ্গুল উঁচিয়ে ধরেছেন, যাতে শোভা পাচ্ছে ভোট দেওয়ার চিহ্ন। তার মুখে ছিল সন্তোষের হাসি।

ছবিটি শেয়ার করে ক্যাপশনে এই নায়িকা লেখেন, আলহামদুলিল্লাহ, আমি ভোট দিয়েছি। আপনিও ভোট দিন আপনার পছন্দের মানুষকে। বাংলাদেশের মানুষ আমরা যেন ভালো থাকতে পারি ইনশাআল্লাহ।

তবে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে বর্ষা ঠিক কোন নির্বাচনী আসন থেকে ভোট দিয়েছেন, তা তার পোস্টে উল্লেখ করেননি।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটকেন্দ্রগুলো থেকে প্রাপ্ত খবরে জানা যাচ্ছে, এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে এবং সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।

মাহমুদ সালেহীন খান