ভাষার জন্য জীবন দেওয়া সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা- শাকিব খান

ফেব্রুয়ারির একুশ মানে বাঙালির হৃদয়ে শোক আর গৌরবের এক অনন্য অনুভূতি। ১৯৫২ সালের এই দিনে যারা মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন, তাদের বীরত্ব আজও সকলের কাছে প্রেরণার উৎস। এ বিশেষ দিনে ঢালিউডের মেগাস্টার শাকিব খান এক অনন্য ভঙ্গিতে ভাষা শহীদদের স্মরণ করেছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ এবং প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’-এর পেজ থেকে তিনি শ্রদ্ধা জানাতে একটি বিশেষ পোস্ট শেয়ার করেছেন।শাকিব খানের পোস্টে ব্যবহৃত গ্রাফিক্সটি খুবই অর্থবহ। ছবিতে তিনটি ফিল্ম রোল লম্বালম্বিভাবে সাজিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের আকার তৈরি করা হয়েছে, আর পাশে একটি ফিল্ম রিল রাখা আছে।

এখানে চলচ্চিত্রের প্রধান উপাদান ফিল্ম রোলকে জাতীয় শোক ও গৌরবের প্রতীক শহীদ মিনারের সঙ্গে যুক্ত করে এক অভিনব শিল্পকর্ম উপস্থাপন করা হয়েছে। এই পোস্টের মাধ্যমে শাকিব খান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছেন, যা তাঁর পেশা ও জাতীয় অনুভূতির এক অনন্য মিলন।

-বিথী রানী মণ্ডল