শীতের বাজারে এখন কচি মটরশুঁটির ছড়াছড়ি। সাধারণত পোলাও, সবজি বা সিঙ্গাড়ার পুর হিসেবে মটরশুঁটি ব্যবহার হলেও এটি দিয়ে যে অসাধারণ সুস্বাদু হালুয়া তৈরি করা যায়, তা অনেকেরই অজানা। মটরশুঁটির নিজস্ব ঘ্রাণ আর ঘি-দুধের আভিজাত্য মিলে এই হালুয়াটি আপনার বিকেলের নাস্তায় বা অতিথিদের আপ্যায়নে নিয়ে আসবে নতুন মাত্রা।
উপকরণ-
১।কচি মটরশুঁটি: ২ কাপ (খোসা ছাড়ানো)
২। তরল দুধ: ২ কাপ (ঘন করা)
৩। চিনি: ১ কাপ (স্বাদমতো)
৪। ঘি: আধা কাপ
৫। মাওয়া বা গুঁড়ো দুধ: আধা কাপ (স্বাদ বাড়াতে)
৬। এলাচ ও দারুচিনি: কয়েকটি
৭। বাদাম ও কিসমিস: সাজানোর জন্য
প্রণালি-
মটরশুঁটির পেস্ট তৈরি-
প্রথমে মটরশুঁটিগুলো সামান্য পানিতে ভাপ দিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে ঠান্ডা করুন। এবার ব্লেন্ডারে বা পাটায় মিহি করে বেটে নিন। খেয়াল রাখবেন যেন কোনো আস্ত দানা না থাকে।
চুলায় রান্না-
একটি প্যানে ঘি গরম করে তাতে এলাচ ও দারুচিনি ফোড়ন দিন। এবার বেটে রাখা মটরশুঁটি দিয়ে ধীমে আঁচে নাড়তে থাকুন। ঘিয়ে মটরশুঁটি ভালো করে ভাজুন যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায়।
দুধ ও চিনি মেশানো-
মটরশুঁটি ভাজা হলে তাতে ঘন দুধ এবং চিনি দিয়ে দিন। মিশ্রণটি অনবরত নাড়তে থাকুন যাতে তলায় লেগে না যায়। নাড়তে নাড়তে মিশ্রণটি যখন ঘন হয়ে প্যানের গা ছেড়ে আসবে, তখন এতে মাওয়া বা গুঁড়ো দুধ মিশিয়ে দিন।
শেষ ধাপ-
সবশেষে আরও সামান্য ঘি ওপর থেকে ছড়িয়ে দিন। হালুয়াটি যখন একদম শুকিয়ে মণ্ড হয়ে আসবে, তখন নামিয়ে নিন।
পরিবেশন –
একটি সমান থালায় ঘি মাখিয়ে হালুয়া ঢালুন। ঠান্ডা হলে বরফির আকারে কেটে ওপরে কাজু বাদাম বা পেস্তা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। এর উজ্জ্বল সবুজ রঙের জন্য কোনো কৃত্রিম ফুড কালারের প্রয়োজন হয় না।
-বিথী রানী মণ্ডল










