মাদারীপুরে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে ইইউ প্রতিনিধিদল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরে নির্বাচনী পরিবেশ পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক দল। বুধবার সকাল থেকে তারা জেলার বিভিন্ন উপজেলা ও ভোটকেন্দ্র ঘুরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে ইইউ প্রতিনিধিরা প্রিজাইডিং কর্মকর্তা, নির্বাচন কমিশনের দায়িত্বশীল কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন। তারা ভোটকেন্দ্রের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটারদের উপস্থিতি ও পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। সামগ্রিক পরিস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেন পর্যবেক্ষক দলের সদস্যরা।

ইইউর লং টার্ম অবজারভার ইভা মোল্ট ও লার্স জিরং ফরডাল জানান, মাদারীপুরের তিনটি সংসদীয় আসনের পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করেছেন। তাদের দুই সদস্যের দল প্রায় এক মাস ধরে জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। নির্বাচন শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন এবং পরবর্তীতে দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে বলেও জানান তারা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদারীপুরের তিনটি আসনে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার ৩৮১টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৪টি ঝুঁকিপূর্ণ এবং ১৫৭টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়েছে। মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪৮ হাজার ৩২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯৫ হাজার ৩০৮ জন, নারী ভোটার ৫ লাখ ৫৩ হাজার ৭ জন এবং হিজড়া ভোটার ১২ জন।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে তিনজন করে অস্ত্রধারী পুলিশ, তিনজন অস্ত্রধারী আনসার ও ১০ জন লাঠিধারী আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। সাধারণ কেন্দ্রগুলোতে রয়েছেন দুইজন অস্ত্রধারী পুলিশ, দুইজন অস্ত্রধারী আনসার ও ১১ জন লাঠিধারী আনসার সদস্য। এছাড়া প্রায় ৬০০ সেনাসদস্য টহল ও নিরাপত্তা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। প্রতিটি উপজেলায় ১০০ জন করে সেনাসদস্য দায়িত্ব পালন করছেন এবং সদর উপজেলায় অতিরিক্ত ২০০ জন সেনা সদস্য রাখা হয়েছে। একই সঙ্গে ৬ প্লাটুন বিজিবি ও অর্ধশত র‍্যাব সদস্য মোতায়েন রয়েছেন। আইনশৃঙ্খলা তদারকিতে ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

হাবিবুর রহমান সুমন,মাদারীপুর