খুলনায় তিন মাসের শিশুকে কোলে নিয়ে ভোট দিলেন তামান্না বেগম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা অঞ্চলের ভোটকেন্দ্রে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন কেন্দ্রের সামনে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার খুলনা-২ আসনের সোনাডাঙ্গার তালিমুল মিল্লাত মাদ্রাসা কেন্দ্রে সকালেই ভোট দিতে আসেন গৃহিণী তামান্না বেগম। তিন মাসের শিশু আমিনাকে কোলে নিয়ে তিনি কেন্দ্রে পৌঁছে গোপন কক্ষে ভোট প্রদান করেন। একই সময়ে তার স্বামীও আরও দুই ছোট সন্তানকে সঙ্গে নিয়ে একই কেন্দ্রে অন্য একটি কক্ষে ভোট দেন।

তামান্না বেগম বলেন, “এবারের নির্বাচনকে ঘিরে পাড়া-মহল্লায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। বেলা বাড়লে ভিড় হতে পারে—এই আশঙ্কায় খুব সকালে সন্তানদের প্রস্তুত করে ভোটকেন্দ্রে এসেছি। কোনো ধরনের জটিলতা ছাড়াই ভোট দিতে পেরে আমি সন্তোষ প্রকাশ করছি। সুন্দর পরিবেশে সবার উপস্থিতিতে যেন ঈদের আমেজ তৈরি হয়েছে।”

কেন্দ্রের তথ্য অনুযায়ী, তালিমুল মিল্লাত মাদ্রাসা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৯৮১ জন। প্রথম ঘণ্টায় এখানে ২১৮টি ভোট পড়েছে।

-এমইউএম