অনলাইনে ব্যক্তিগত তথ্য ফাঁস রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। বিবিসির প্রতিবেদনে জানা যায়, পরিচয় চুরিতে ব্যবহৃত ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ পেলে তা গুগলের মাধ্যমে দ্রুত ট্র্যাক করা সম্ভব হবে।
গুগল জানিয়েছে, তাদের ‘রেজাল্টস অ্যাবাউট ইউ’ ফিচার সম্প্রসারণ করা হচ্ছে। এতে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স নম্বর ও সোশ্যাল সিকিউরিটি নম্বরের মতো তথ্যও গোপন রাখার সুবিধা থাকবে। অনলাইনে এই ধরনের তথ্য দেখা গেলে ব্যবহারকারী সরাসরি গুগলের কাছে অনুরোধ করে সার্চ ফলাফল থেকে প্রাসঙ্গিক ওয়েব লিঙ্ক সরিয়ে দিতে পারবেন। বর্তমানে এটি শুধুমাত্র নাম, ঠিকানা, ইমেইল ও ফোন নম্বর পর্যন্ত সীমাবদ্ধ।
গুগল জানিয়েছে, কোনো তথ্য ট্র্যাক করতে চাইলে ব্যবহারকারীকে প্রথমে সেই তথ্য গুগলে নিবন্ধন করতে হবে। উদাহরণস্বরূপ, ড্রাইভিং লাইসেন্সের তথ্য পর্যবেক্ষণ করতে চাইলে ব্যবহারকারীকে নিজের লাইসেন্স নম্বর দিতে হবে। ব্লগ পোস্টে গুগল জানায়, টুলটিতে অপব্যবহার রোধ ও গোপনীয়তা নিশ্চিত করতে উন্নত এনক্রিপশন প্রযুক্তি ও কঠোর নিরাপত্তা প্রোটোকল ব্যবহার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে গত বছর পরিচয় চুরির ঘটনা বেড়েছে। ফেডারেল ট্রেড কমিশনের কাছে ১১ লাখের বেশি অভিযোগ জমা পড়েছে। পরিচয় জালিয়াতির মধ্যে সবচেয়ে প্রচলিত হলো ক্রেডিট কার্ড প্রতারণা, যেখানে অন্যের তথ্য ব্যবহার করে কেনাকাটা করা বা নতুন ক্রেডিট অ্যাকাউন্ট খোলা হয়। এছাড়া অন্যের তথ্য ব্যবহার করে চাকরি নেওয়া, চিকিৎসা সুবিধা গ্রহণ বা সরকারি ভাতা পাওয়ার চেষ্টাও দেখা যায়।
-বেলাল










