ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আশুগঞ্জ উপজেলার ৮টি ভোটকেন্দ্রে বিএনপি জোট সমর্থিত প্রার্থী জোনায়েদ আল হাবিবের সমর্থকরা জোর করে ব্যালটে সিল মারার পাঁয়তারা করেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টায় সরাইলের শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব অভিযোগ করেন।
রুমিন ফারহানা বলেন, “পুলিশ-সেনাবাহিনী-ডিসিসহ সবাইকে কাছে ৮টি কেন্দ্রের তালিকা পাঠিয়েছি। আমাদের নেতাকর্মীরা কিছুটা প্রশাসনিক হেনস্থার শিকার হচ্ছে। গত রাতে দুইজন কর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে। রাতের মধ্যে খেঁজুর গাছে সিল মারার পরিকল্পনা ছিল, তাই তারা পাহারায় ছিল। কিন্তু কোনো অভিযোগ ছাড়াই তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “এই ধরনের ঘটনা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। নির্বাচন চলাকালে কেন্দ্রগুলোতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে নজরদারি বাড়াতে হবে।”
রুমিন ফারহানার এই অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে এ ধরনের অভিযোগের সত্যতা যাচাইয়ের দাবি তুলেছেন তিনি।
-এমইউএম










