প্রেমের গুঞ্জনে কিম

হলিউড তারকা কিম কার্দাশিয়ানকে ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এবার তার নাম জড়িয়েছে বিশ্বখ্যাত ফর্মুলা ওয়ান রেসার লুইস হ্যামিলটনের সঙ্গে। আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম—দ্য এক্সপ্রেস ট্রিবিউন, টিলা ও ইয়াহু নিউজ—জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই বিনোদন অঙ্গনে এই দুই তারকার ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা চলছিল। তবে সাম্প্রতিক একটি ঘটনার পর সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে।

সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় লেভি’স স্টেডিয়ামে সুপার বোল এলএক্স ম্যাচ উপভোগ করতে একসঙ্গে উপস্থিত হন কিম ও হ্যামিলটন। গ্যালারিতে পাশাপাশি বসে হাসিমুখে গল্প করতে দেখা যায় তাদের। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নতুন আলোচনা। অনেকের মতে, তাদের শরীরী ভাষা ও স্বচ্ছন্দ উপস্থিতি শুধু বন্ধুত্বের ইঙ্গিত দেয় না; বরং সম্পর্ক আরও গভীর হওয়ার আভাস দেয়।

যদিও কিম ও হ্যামিলটন দুজনেই দাবি করেছেন, তারা ভালো বন্ধু ছাড়া আর কিছু নন। তবুও নেটিজেনদের একাংশ মনে করছেন, এতদিনের কানাঘুষা হয়তো পুরোপুরি ভিত্তিহীন নয়। বিশেষ করে জনসমক্ষে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় অনেকে ধারণা করছেন, শিগগিরই তারা সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন।

উল্লেখ্য, কিম কার্দাশিয়ানের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ২০০০ সালে সংগীত প্রযোজক ডেমন থমাসকে বিয়ে করলেও ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে বাস্কেটবল খেলোয়াড় ক্রিস হামফ্রিসের সঙ্গে বিয়ে হলেও সেটিও টেকেনি। ২০১৪ সালে র‍্যাপার কানিয়ে ওয়েস্টকে বিয়ে করেন কিম; ২০২২ সালে সেই সম্পর্কেরও ইতি ঘটে।

-বিথী রানী মণ্ডল