বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র মাঠের আধুনিকায়ন ও উন্নয়নের জন্য দুই কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
গত ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের হাতে চেক তুলে দেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল এ সময় উপস্থিত ছিলেন।
বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই চেক হস্তান্তরের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি সাদিক কায়েম, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন ও জাতীয় ক্রীড়া পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। মূলত বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন এবং বিসিবির ঘরোয়া ক্রিকেটের ভেন্যু সংকট দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শিগগিরই ডাকসু ও বিসিবির মধ্যে এই বিষয়ে একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা আছে। চুক্তি অনুযায়ী, প্রতি ক্রিকেট মৌসুমে অন্তত ১০০ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মাঠটি ব্যবহারের সুযোগ পাবে বিসিবি। সেখানে বিসিবির বয়সভিত্তিক দল এবং ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন স্তরের নিয়মিত ম্যাচ ও প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
-বেলাল










