সাময়িকভাবে বন্ধ থাকবে তিনটি সিনেপ্লেক্স

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে দেশের জনপ্রিয় তিনটি সিনেপ্লেক্স—স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাস। নির্বাচন ঘিরে সরকারিভাবে ঘোষিত বিধিনিষেধের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার তাদের সব শাখায় কোনো শো চলবে না। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, শুক্রবার থেকে যথারীতি সব কার্যক্রম পুনরায় শুরু হবে এবং দর্শকরা নিয়মিত শো উপভোগ করতে পারবেন।

অন্যদিকে, ব্লকবাস্টার সিনেমাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্বাচন উপলক্ষে তারা তিন দিন বন্ধ থাকবে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কোনো প্রদর্শনী হবে না। শনিবার থেকে পুনরায় শো চালু করা হবে বলে জানানো হয়েছে।

লায়ন সিনেমাসও একই সিদ্ধান্ত নিয়েছে। আজ ও আগামীকাল তাদের কার্যক্রম বন্ধ থাকবে। শুক্রবার থেকে আবারও দর্শকদের জন্য প্রেক্ষাগৃহের পর্দা উঠবে।

নির্বাচনকে কেন্দ্র করে ভোটগ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে দেশজুড়ে দোকানপাট, শপিং মল ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই প্রেক্ষাগৃহগুলোও সাময়িকভাবে কার্যক্রম স্থগিত রেখেছে। নির্বাচন শেষ হলে স্বাভাবিক কার্যক্রমে ফিরবে এসব বিনোদনকেন্দ্র।

-বিথী রানী মণ্ডল