ওয়ার্নার ব্রস ডিসকভারি (WBD) অধিগ্রহণে নেটফ্লিক্সের সঙ্গে চলমান প্রতিযোগিতায় নিজেদের প্রস্তাব আরও আকর্ষণীয় করেছে প্যারামাউন্ট স্কাইড্যান্স। শেয়ারপ্রতি মূল প্রস্তাব অপরিবর্তিত রাখলেও, চুক্তি বিলম্বিত হলে অতিরিক্ত নগদ দেওয়ার প্রস্তাব এবং নেটফ্লিক্সকে সম্ভাব্য ব্রেক-আপ ফি পরিশোধের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
প্যারামাউন্ট জানিয়েছে, ২০২৭ সালের শুরু থেকে চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রতি প্রান্তিকে শেয়ারপ্রতি ২৫ সেন্ট করে “টিকিং ফি” দেওয়া হবে, যার পরিমাণ প্রায় ৬৫০ মিলিয়ন ডলার। তবে মোট প্রস্তাব অপরিবর্তিত রয়েছে শেয়ারপ্রতি ৩০ ডলার, যা ঋণসহ মোট ১০৮.৪ বিলিয়ন ডলার।
এছাড়া, ওয়ার্নার ব্রস যদি নেটফ্লিক্সের সঙ্গে ৮২.৭ বিলিয়ন ডলারের স্টুডিও ও স্ট্রিমিং সম্পদ বিক্রয় চুক্তি বাতিল করে, তাহলে নেটফ্লিক্সকে যে ২.৮ বিলিয়ন ডলার ব্রেক-আপ ফি দিতে হবে, তা প্যারামাউন্ট বহন করবে বলেও জানানো হয়েছে।
প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দুতে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি
ওয়ার্নার ব্রসের হাতে রয়েছে জনপ্রিয় চলচ্চিত্র ও টিভি ফ্র্যাঞ্চাইজি যেমন “গেম অব থ্রোনস”, “হ্যারি পটার”, ডিসি কমিকসের “ব্যাটম্যান” ও “সুপারম্যান”। এই সম্পদগুলোকে ঘিরেই নেটফ্লিক্স ও প্যারামাউন্টের মধ্যে প্রতিযোগিতা তীব্র হয়েছে।
প্যারামাউন্ট জানায়, তারা ওয়ার্নারের টেলিভিশন নেটওয়ার্ক যেমন সিএনএন ও টিএনটি অধিগ্রহণ করবে এবং সেগুলো ‘ডিসকভারি গ্লোবাল’ নামে পৃথকভাবে তালিকাভুক্ত একটি কোম্পানিতে রূপান্তর করা হবে।
অ্যাক্টিভিস্ট বিনিয়োগকারীর চাপ
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাক্টিভিস্ট বিনিয়োগকারী আনকোরা হোল্ডিংস প্রায় ২০০ মিলিয়ন ডলারের শেয়ার কিনেছে এবং নেটফ্লিক্সের কাছে সম্পদ বিক্রির বিরোধিতা করতে চায়। প্রয়োজনে তারা প্রক্সি লড়াইয়েও যেতে প্রস্তুত বলে জানা গেছে।
বর্তমানে ওয়ার্নার ব্রসের বাজারমূল্য প্রায় ৬৯ বিলিয়ন ডলার। সেই হিসাবে আনকোরার শেয়ার এক শতাংশেরও কম।
নিয়ন্ত্রক অনুমোদন নিয়ে অনিশ্চয়তা
বিশ্লেষকদের মতে, প্যারামাউন্টের এই পদক্ষেপ ইঙ্গিত দেয় যে তারা বিশ্বাস করছে নেটফ্লিক্সের চুক্তি নিয়ন্ত্রক বাধার মুখে পড়তে পারে। প্যারামাউন্ট ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে প্রয়োজনীয় নথি জমা দিয়েছে এবং জার্মানিতে বিদেশি বিনিয়োগ অনুমোদন পেয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের নিয়ন্ত্রকদের সঙ্গেও আলোচনা চলছে।
প্যারামাউন্টের সিইও ডেভিড এলিসন বলেন, “আমরা এই প্রস্তাবের পেছনে বিলিয়ন ডলার সমর্থন দিচ্ছি, শেয়ারহোল্ডারদের জন্য নিশ্চিত মূল্য, পরিষ্কার নিয়ন্ত্রক পথ এবং বাজারের অস্থিরতা থেকে সুরক্ষা নিশ্চিত করছি।”
অর্থায়ন ও গ্যারান্টি
চুক্তির অর্থায়নে ব্যাংক অব আমেরিকা, সিটিগ্রুপ ও অ্যাপোলোর কাছ থেকে ৫৪ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা রয়েছে। এছাড়া ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের ব্যক্তিগত গ্যারান্টি বাড়িয়ে ৪৩.৩ বিলিয়ন ডলারে উন্নীত করা হয়েছে।
প্যারামাউন্ট তাদের টেন্ডার অফারের সময়সীমা ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। অন্যদিকে, ওয়ার্নার ব্রস বোর্ড জানিয়েছে, তারা সংশোধিত প্রস্তাব পর্যালোচনা করবে, তবে এখনো নেটফ্লিক্সের চুক্তির পক্ষেই সুপারিশ বহাল রয়েছে।
বিশেষ বিনিয়োগকারী সভায় এপ্রিলের মধ্যে নেটফ্লিক্সের প্রস্তাবের ওপর ভোট হওয়ার কথা রয়েছে।
এই প্রতিদ্বন্দ্বিতার ফলাফল হলিউডের বিনোদন শিল্পে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: রয়টার্স
সাবরিনা রিমি/










