জাপানি মাতসুশিমা সুমাইয়ার পর বাংলাদেশ নারী ফুটবল দলে দ্বিতীয় প্রবাসী খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়েছেন সুইডেনপ্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের জন্য ঘোষিত ২৬ সদস্যের চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন ২০ বছর বয়সী এই মিডফিল্ডার।
আনিকা সুইডেনের ক্লাব ব্রোমাপোজকার্নার অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন। গত মাসে সুইডিশ কাপ দিয়ে ক্লাবটির সিনিয়র দলে অভিষেক হয় তার। ইউরোপের ফুটবলে খেলার অভিজ্ঞতা এবার বাংলাদেশের জার্সিতে কাজে লাগাতে চান তিনি।
আনিকার পাশাপাশি এশিয়ান কাপের দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন আলপি আক্তার ও সৌরভী আফরিন। এই দুজনই প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। এছাড়া দলে ফিরেছেন আইরিন খাতুন ও সৌরভী আকন্দ। ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ।
বাংলাদেশ রয়েছে কঠিন গ্রুপে। ‘সি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ৯ বারের চ্যাম্পিয়ন চীন, ৩ বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান। ৩ মার্চ বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে পিটার বাটলারের দল। ৬ মার্চ দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে ফিফা র্যাংকিংয়ের ৯ নম্বর দল উত্তর কোরিয়ার। ৯ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ উজবেকিস্তান।
১২ দলের এই টুর্নামেন্টে তিনটি গ্রুপে চারটি করে দল অংশ নেবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে। এছাড়া তিন গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা দুই দলও শেষ আটে জায়গা পাবে। কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলোর সামনে থাকবে ২০২৭ ব্রাজিল বিশ্বকাপ ও ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার সুযোগ।
নারী এশিয়ান কাপে বাংলাদেশের দল :
গোলরক্ষক: রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী।
ডিফেন্ডার: আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, নবীরন খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার (সিনিয়র), হালিমা খাতুন, সৌরভী আফরিন।
মিডফিল্ডার: স্বপ্না রানী, মুনকি আক্তার, আইরিন খাতুন, শাহেদা আক্তার, উমহেলা মারমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, আনিকা রানিয়া সিদ্দিকী, উন্নতি খাতুন।
ফরোয়ার্ড: আলপি আক্তার, সৌরভী আকন্দ, মোসাম্মত সুলতানা, তহুরা খাতুন, মোসাম্মত সাগরিকা, শামসুন্নাহার (জুনিয়র)।
স্ট্যান্ডবাই: অর্পিতা বিশ্বাস, সিনহা জাহান, শান্তি মার্ডি, তনিমা বিশ্বাস।










