চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মাইকেল ব্রেসওয়েল

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে নিউজিল্যান্ড। আফগানিস্তানকে হারানোর পর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও বড় জয় তুলে নেয় কিউইরা। তবে টানা দুই জয়ের আনন্দের মাঝেই বড় ধাক্কা খেয়েছে দলটি। চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল।

বাঁ পায়ের মাংসপেশিতে চোট পাওয়ায় ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারকে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) জানিয়েছে, স্ক্যান রিপোর্টে তার ইনজুরির বিষয়টি নিশ্চিত হয়েছে। গত মাসে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে প্রথম এ চোটে পড়েন ব্রেসওয়েল। ওই ম্যাচে ২৮ রান করার পর তিনি আর ফিল্ডিংয়ে নামেননি। ফলে পরবর্তী পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও দলে ছিলেন না তিনি।

সম্প্রতি অনুশীলন সেশনে পুরোনো চোটের জায়গায় আবার ব্যথা অনুভব করলে পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হয় যে, বিশ্বকাপের বাকি অংশে তার পক্ষে খেলা সম্ভব নয়। এর আগেও গোড়ালির চোটে অস্ত্রোপচার করিয়ে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ মিস করেছিলেন এই অলরাউন্ডার।

ব্রেসওয়েলের পরিবর্তে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল দলে সুযোগ পেয়েছেন অফস্পিনিং অলরাউন্ডার কোল ম্যাককনচি। নিউজিল্যান্ডের হয়ে ১২টি টি-টোয়েন্টিতে ৭ উইকেট নেওয়া ম্যাককনচির ইকোনমি রেট ৭.২৯। এছাড়া তিনি ৬টি ওয়ানডে ম্যাচেও প্রতিনিধিত্ব করেছেন। ট্রাভেলিং রিজার্ভ হিসেবে রয়েছেন পেসার বেন সিয়ার্স।

নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার ব্রেসওয়েলের ছিটকে পড়াকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে বলেন, বিশ্বকাপের মতো বড় আসর থেকে ছিটকে পড়া যেকোনো খেলোয়াড়ের জন্যই অত্যন্ত হতাশাজনক। একই সঙ্গে তিনি ম্যাককনচির অভিজ্ঞতা ও অলরাউন্ড সক্ষমতার প্রশংসা করেন।

দুই ম্যাচে টানা জয় পাওয়া নিউজিল্যান্ড আগামী ১৪ ফেব্রুয়ারি আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।

-এমইউএম