টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে পেছনে ফেলে উঠে গেল পাকিস্তান

আগের বিশ্বকাপের হতাশার জবাবটা এবার মাঠেই দিল পাকিস্তান। টি টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে শুধু প্রতিশোধই নিল না, একই সঙ্গে ভারতকে পেছনে ফেলে উঠে গেল গ্রুপের শীর্ষেও।

কলম্বোয় মঙ্গলবারের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩২ রানে হারায় পাকিস্তান। এই জয়ে গ্রুপ এ তে দুই ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়াল ৪। টানা জয়ের ধারায় থাকা দলটি এখন এককভাবে শীর্ষে।

আগে ব্যাট করে পাকিস্তান তোলে ৯ উইকেটে ১৯০ রান। ম্যাচের নায়ক ছিলেন সাহিবজাদা ফারহান। ৪১ বলে করেন ঝকঝকে ৭৩ রান। শেষ দিকে বাবর আজম, শাদাব খান যোগ করেন প্রয়োজনীয় রান। তাতেই পার স্কোর ছাড়িয়ে শক্ত সংগ্রহ পায় পাকিস্তান।

জবাবে যুক্তরাষ্ট্র শুরুটা ভালোই করেছিল। পাওয়ারপ্লেতে ছিল লড়াইয়ের আভাস। কিন্তু ফিল্ড ছড়ানোর পর দৃশ্যপট বদলে দেন পাকিস্তানের স্পিনাররা। রান তোলার গতি হঠাৎ করেই কমে যায়।

শাদাব খান, উসমান তারিক ছিলেন সবচেয়ে কার্যকর। দুজনে মিলেই ৮ ওভারে ৫৩ রান দিয়ে নেন ৪ উইকেট। এই চাপ আর সামলাতে পারেনি যুক্তরাষ্ট্র।

শেষ পর্যন্ত পাকিস্তানই হাসে শেষ হাসি। আগের বিশ্বকাপে এই পর্যায়ে যুক্তরাষ্ট্রের কাছে হারার স্মৃতি মুছে দিয়ে এবার প্রতিশোধের জয় তুলে নেয় তারা। একই সঙ্গে ভারতের আগে থেকেই গ্রুপ এ এর শীর্ষস্থান নিজেদের করে রাখে বাবর আজমদের দল।

-সাইমুন