ইলন মাস্কের প্রতিষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কোম্পানি xAI থেকে সহ-প্রতিষ্ঠাতা টনি উ এবং জিমি বা পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পৃথক পোস্টে তারা নিজেদের পদত্যাগের কথা জানান।
এই পদত্যাগের ফলে তিন বছরের কম সময় আগে প্রতিষ্ঠিত কোম্পানিটির ১২ জন সহ-প্রতিষ্ঠাতার মধ্যে এখন অর্ধেকই প্রতিষ্ঠানটি ছেড়ে গেছেন। সাম্প্রতিক সময়ে xAI থেকে একাধিক শীর্ষ কর্মকর্তার বিদায়কে কেন্দ্র করে কোম্পানিটির ভেতরে অস্থিরতা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।
ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ওপেনএআই ও অ্যানথ্রপিকের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতে মডেলের পারফরম্যান্স দ্রুত উন্নত করার চাপকে কেন্দ্র করে প্রযুক্তি দলে উত্তেজনা তৈরি হয়। সেই প্রেক্ষাপটেই জিমি বার পদত্যাগ আসে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধ জানানো হলেও জিমি বা তাৎক্ষণিক সাড়া দেননি।
টনি উ এবং জিমি বা তাদের পোস্টে পদত্যাগের নির্দিষ্ট কারণ বা ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিছু জানাননি। তবে তারা ইলন মাস্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এর মধ্যেই গত সপ্তাহে মাস্কের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স ঘোষণা দেয়, তারা xAI অধিগ্রহণ করবে। এই চুক্তির মাধ্যমে ১.২৫ ট্রিলিয়ন ডলারের একটি নতুন কোম্পানি গঠনের পরিকল্পনা রয়েছে, যা চলতি বছরের মধ্যেই শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে পারে। মাস্কের মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নে এই তহবিল সহায়ক হবে বলে জানা গেছে।
xAI–এর সাম্প্রতিক এই পরিবর্তনগুলো প্রযুক্তি খাতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: রয়টার্স
সাবরিনা রিমি/










