আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ইসি সূত্রে জানা গেছে, সিইসির ভাষণটি মঙ্গলবার সন্ধ্যায় ধারণ করা হয়েছে। এটি বুধবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার এবং দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে সম্প্রচার করা হবে।

ধারণা করা হচ্ছে, ভাষণে তিনি আসন্ন নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন এবং ভোটারদের নির্ভয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন।

এ ছাড়া সারা দেশে নির্বাচনি সামগ্রী বিতরণ কার্যক্রম, ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তিনি বক্তব্য রাখবেন। জানা গেছে, নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন এবং ড্রোনের মাধ্যমে নজরদারির বিষয়গুলো ভাষণে তুলে ধরা হতে পারে। একই সঙ্গে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন তিনি।

উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।

-এমইউএম