২০২৬ বিশ্বকাপে আসছে নতুন নিয়ম: ইনজুরির ‘নাটক’ করলেই ২ মিনিট মাঠের বাইরে

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপের আগে ফুটবলের আইনকানুনে বড় পরিবর্তনের পথে হাঁটছে ফিফা। মাঠের খেলায় গতি ফেরাতে এবং সময় নষ্ট করার প্রবণতা রুখতে এবার চোট বা ইনজুরি সংক্রান্ত নিয়মে কড়াকড়ি আরোপের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় মাঠে চিকিৎসা নিলে তাকে অন্তত ২ মিনিট মাঠের বাইরে অবস্থান করতে হবে। অর্থাৎ, ওই সময়টুকু তার দলকে ১০ জন নিয়েই খেলতে হবে। ফিফা মনে করছে, এতে খেলোয়াড়দের ‘ফেক ইনজুরি’ বা ভুয়া চোট দেখিয়ে সময় নষ্ট করার প্রবণতা কমবে। তবে গোলকিপার এবং ফাউলের শিকার হয়ে প্রতিপক্ষ হলুদ বা লাল কার্ড দেখলে, সেই আহত খেলোয়াড়ের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

ইতোমধ্যে ফিফা আরব কাপে পিয়ারলুইজি কলিনার তত্ত্বাবধানে এই নিয়ম পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে। ২০২৬ সালের শুরুতে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)-এর কাছে এর ফলাফল তুলে ধরা হবে, এরপরই চূড়ান্ত হবে আসন্ন বিশ্বকাপে এই নিয়ম থাকবে কি না।