উইকেট নেওয়ার চেষ্টায় খরুচে হয়ে যাওয়ার ঝুঁকি নিয়েছিলেন লুঙ্গি এনগিডি। সেই ঝুঁকিই শেষ পর্যন্ত কাজে লেগেছে। সতীর্থরা আক্রমণাত্মক ইনিংসে দুইশ ছাড়ানো সংগ্রহ এনে দিলেও ম্যাচসেরার পুরস্কার জিতেছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।
কানাডার বিপক্ষে ৫৭ রানের অনায়াস জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করেছে গত আসরের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা। সোমবার (৯ ফেব্রুয়ারি) আহমেদাবাদে ২১৩ রানের বড় সংগ্রহ গড়ে প্রতিপক্ষকে ১৫৬ রানে আটকে দেয় তারা।
৩১ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন এনগিডি। টি-টোয়েন্টিতে এটি তার চতুর্থ ম্যাচসেরা এবং বিশ্বকাপে দ্বিতীয়।
প্রথম তিন ওভারেই তিন উইকেট হারিয়ে ম্যাচের শুরুতেই একরকম ছিটকে যায় কানাডা। ইনিংসের প্রথম বলেই উইকেট নেন এনগিডি। পরের ওভারে চার বলের মধ্যেই তিনি ইউভরাজ সামরা ও নিকোলাস কার্টনের উইকেট শিকার করেন। সেই ধাক্কা আর সামলাতে পারেনি কানাডা। পরে হার্শ ঠাকারের উইকেটও নেন এই পেসার।
উল্লেখ্য, ২০২২ আসরে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচসেরার পুরস্কার জয়ের দিনেও ভারতের বিপক্ষে চার উইকেট নিয়েছিলেন এনগিডি।
ম্যাচ শেষে পুরস্কার গ্রহণের সময় এনগিডি বলেন, এদিন তার মনোযোগ ছিল কেবল উইকেট নেওয়ার দিকে। তিনি জানান, উইকেট নিতে হলে ঝুঁকি নিতে হয় এবং সঠিক পথ খুঁজে বের করতে হয়। কখনও কখনও বাউন্ডারি হজম করতে হয়, তবে অনেক সময় সেই ঝুঁকিপূর্ণ বলই শেষ পর্যন্ত উইকেট এনে দেয়।
-এমইউএম










