উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ (বুধবার) ব্যস্ততম দিন। লিগপর্বের শেষদিনে ৩৬ দলেরই ম্যাচ রয়েছে। কয়েকটি দল ছাড়া বাকিদের সামনেই শেষ ষোলোয় ওঠার সমীকরণ রয়েছে। ঠিক সেই আগমুহূর্তে টটেনহ্যাম হটস্পারের দুই ফরাসি তারকা গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন।
পূর্ব লন্ডনের হার্টফোর্ডশায়ারের ব্যস্ততম সড়কে র্যান্ডাল কোলো মুয়ানি ও উইলসন ওডোবার্টের গাড়িতে সংঘর্ষ ঘটে। জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে আজ মাঠে নামার জন্য জার্মানির বিমান ধরার পথে এই দুর্ঘটনা ঘটে। কোলো মুয়ানি সামনের গাড়ি চালাচ্ছিলেন এবং তাকে অনুসরণ করছিলেন ওডোবার্ট। এতে পেছনের গাড়িটি মূলত সামনের অংশে ক্ষতিগ্রস্ত হয়।
টটেনহ্যাম ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, দুই ফুটবলারের কেউই আহত হননি। ওডোবার্টের কালো ফেরারি গাড়ির সামনের অংশ কিছুটা ভেঙে যাওয়ার ছবি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এই বিষয়ে টটেনহ্যামের প্রধান কোচ থমাস ফ্রাঙ্ক বলেন, “কোলো মুয়ানি এবং উইলসন ওডোবার্ট উভয়েই ঠিক আছে। তারা দুর্ভাগ্যবশত ছোট একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। তবে সেখানে থাকা সবাই অক্ষত আছে। তারা কিছুটা দেরিতে রাতে ভ্রমণ করবেন।”
সতর্কতা হিসেবে টটেনহ্যামের মেডিক্যাল স্টাফ উভয় খেলোয়াড়ের চেক-আপ সম্পন্ন করেছে। উদ্বেগের কোনো কারণ নেই, ফলে আজ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও কোলো মুয়ানি ও ওডোবার্ট খেলবেন। উল্লেখ্য, অল্প কিছুদিন আগেই বড় ইনজুরি কাটিয়ে ফিরেছেন ফরাসি ফরোয়ার্ড মুয়ানি, যার কারণে তাকে মুখে মাস্ক পরে খেলতে হয়।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত সাত রাউন্ডের খেলা শেষ হয়েছে। লিগপর্বে বাকি আরেকটি রাউন্ড বাকি। আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ একমাত্র শেষ ষোলো নিশ্চিত করেছে। সরাসরি রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করবে আরও ৬ দল। এর বাইরে শেষ ষোলোয় ৮ দলের স্লট পূরণ করতে প্লে-অফ খেলবে ১৬টি ক্লাব।
১৪ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম তালিকায় পঞ্চম। এরপর পিএসজি (ষষ্ঠ) থেকে আটালান্টা (১৩তম) পর্যন্ত আটটি দলেরই ১৩ পয়েন্ট রয়েছে। ফলে আগামীকাল ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে টেবিলে বড় ধরনের রদবদল হতে পারে।
-এমইউএম










