ধানের শীষের সাথে বাংলাদেশের উন্নয়ন ভাগ্য জড়িত: মীর হেলাল

চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, আমি বিশ্বাস করি হাটহাজারী-বায়েজিদ এলাকার জনগণের আস্থা আমার ওপর আছে। আপনারা ধানের শীষে ভোট দিন। আমি আপনাদের আমানতের প্রতিদান দিতে প্রস্তুত।

মীর হেলাল বলেন, গত চার দশক ধরে আমার পরিবার হাটহাজারী-বায়েজিদ এলাকার মানুষের খেদমত করে আসছে। ধানের শীষে ভোট দিলে পাঁচ বছর পর নিশ্চয়ই মাথা উঁচু করেই আপনাদের কাছ যাব।

সোমবার রাতে প্রচারণার শেষ দিনে হাটহাজারীর বাস স্টেশন এলাকায় নির্বাচনী শেষ জনসভায় সমবেত জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

মীর হেলাল বলেন, দীর্ঘদিন হাটহাজারী বায়েজিদ এলাকার আনাছে কানাছে ঘুরে ঘুরে আমি বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করেছি। আপনারা ধানের শীষ প্রতীকে আমাকে ভোট দিন, এই এলাকার উন্নয়নের দায়িত্ব আমার। শহীদ জিয়া ও খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারলে হাটহাজারীরও ব্যাপক উন্নয়ন তথা পরিবর্তন হবে। ধানের শীষের সাথে বাংলাদেশের উন্নয়ন ভাগ্য জড়িত। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে ধানের শীষ বিজয়ী হল হাটহাজারীর অভূতপূর্ব উন্নয়ন হবে।

জনসভায় প্রধান অতিথি ছিলোন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মেয়র ও রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাছির উদ্দীন। তিনি বলেন, যারা জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে নিজের ভাগ্য সুপ্রসন্ন করেছে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা দেশেই ছিলাম পালিয়ে যায়নি। আমাদের উপর নির্মম নির্যাতন হয়েছে আমরা সহ্য করেছি। কারণ আমরা জনগণের জন্য রাজনীতি করি।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও উত্তর জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জাফর আহমদের সভাপতিত্বে এবং হাটহাজারী উপজেলা বিএনপি সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান ও পৌরসভা বিএনপি’র সদস্য সচিব অহিদুল আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাথী উদয় কুসুম বড়ুয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, পৌরসভা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব জাকির হোসেন, উপজেলা জমিয়তে উলামা’র সাধারণ সম্পাদক মাওলানা ফোরকান সিকদার, গণধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ শোয়েব, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল।

-সাইমুন