আমার বর্ধিত হায়াত এ দেশের মানুষের সেবার জন্য: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমার বেঁচে থাকার কথা ছিল না। আমাকে গুম করা হয়েছিল হত্যার উদ্দেশ্যে। আপনারা দোয়া করেছিলেন, আল্লাহ আপনাদের মোনাজাত কবুল করেছেন। নতুন করে যে জীবন পেয়েছি, এই বর্ধিত হায়াত এ দেশের মানুষের সেবার জন্য।

সোমবার কক্সবাজারের চকরিয়া পৌর এলাকার বাস টার্মিনাল চত্বরে আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের সন্তানরা রক্ত দিয়ে শহীদ হয়েছেন একটি বৈষম্যমুক্ত রাষ্ট্র ও গণতান্ত্রিক সংস্কারের জন্য। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য আর কোনো মানুষকে জীবন দিতে হবে না।

তিনি বলেন, বিএনপির ইতিহাস এ দেশের অর্থনৈতিক উন্নয়নের ইতিহাস এবং বারবার গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা নির্ভয়ে ধানের শীষে ভোট দেবেন। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র ত্যাগ করবেন না। ইনশাআল্লাহ জনগণের বিজয় হবে। কারণ বিএনপির সরকার মানেই জনগণের সরকার।

শেষ নির্বাচনী জনসভায় চকরিয়া ও পেকুয়া উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতাকর্মী ও ধানের শীষের সমর্থকদের অংশগ্রহণে সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়। আয়োজকদের দাবি, এতে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে।

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী হাসিনা আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এবং ওলামা দলের নেতা আলী হাছান চৌধুরী। এ ছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

-সাইমুন