কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসনে জামায়াত জোটের প্রার্থী এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচার ব্যানারে আগুন দেওয়া হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারী) রাতে উপজেলার খাইয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে ব্যানার পুড়িয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে রাতে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ খাইয়ার-বুড়িপাড় সড়কের গাঙপাড় ব্রিজের সংলগ্ন সড়কের ওপর টাঙানো হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী শাপলাকলি প্রতীকের কয়েকটি ব্যানারে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়াও একই সময়ে আরও কয়েকটি স্থানে হাসনাত আবদুল্লাহর ব্যানারে আগুন দেয় দুবৃর্ত্তরা। বিষয়টি নিয়ে উত্তেজনা বিরাজ করছে এলাকায়।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবগত করা হয়েছে। কারা এ কাজ করেছে, তা তদন্ত করা হচ্ছে। যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
-মেহেরীন//










