নির্বাচনে পক্ষপাতিত্ব হলে হাসিনা কমিশনের চেয়েও পরিণতি ভয়াবহ হবেঃনাহিদ ইসলাম

নির্বাচন কমিশনকে (ইসি) উদ্দেশ্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘এত দিন যা করেছেন করেছেন, কিন্তু ১২ ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্বের পরিকল্পনা থাকে, ফ্যাস্টিস্ট হাসিনা আমলের নির্বাচন কমিশনের যে পরিণতি হয়েছিল, তার চেয়েও এই নির্বাচন কমিশনের পরিণতি ভয়াবহ হবে।’

সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে ১১ দলের নির্বাচনি জনসভায় বক্তব্যকালে তিনি এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ‘আমরা এত দিন কিছু বলিনি। সব সহ্য করে গেছি। নির্বাচনের দ্বারপ্রান্তে এসে এ ধরনের ভোট কারচুপি, মিডিয়াকে ব্ল্যাকআউট, মানুষের তথ্য অধিকার রোধে কোনো আইন করা হলে সেই আইন মেনে নেওয়া হবে না।’

নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের বিধি পরিবর্তন না করলে ইসি ঘেরাওয়ের ‍হুঁশিয়ারি দেন ঢাকা-১১ আসনের ১১দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, ভোটকেন্দ্রের ৪০০ গজের আওতায় নাকি মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। ইসি কোন জায়গা থেকে এই বিধিবিধান বের করছে আমরা জানি না। কার পরিকল্পনার আদলে নির্বাচন কমিশন কাজ করছে, এটা জনগণের সামনে স্পষ্ট হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজ সন্ধ্যার মধ্যে এই বিধিবিধান পরিবর্তন করুন, না হলে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ঘেরাও হবে।

-মেহেরীন