পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নীল কুমার (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের শেখ বাঁধা এলাকায় দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নীল কুমার দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের তেপুপাড়া এলাকার মৃত উপেন রায়ের ছেলে। আহতরা হলেন- ঠাকুরগাঁ জেলার রুহিয়া উপজেলার তালতলী এলাকার পায়েল (১৪), দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বসুনিয়া পাড়া এলাকার আল আমিন (৩০), একই ইউনিয়নের বাবু পাড়া এলাকার বিপুল (২৭) এবং আদিত্য (১০)।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় নীল কুমার মোটরসাইকেলে করে ভাউলাগঞ্জ থেকে দেবীগঞ্জ শহরের দিকে আসছিলেন। এসময় শেখ বাঁধা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের পাঁচজন আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নীল কুমার মারা যান। অপর চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনিরুজ্জামান চৌধুরী বলেন, ‘দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড়










