ভারতের বিপক্ষে লড়াই করে শেষ পর্যন্ত পরাজিত হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ হারের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বিশেষ অনুপ্রেরণা পেয়েছে যুক্তরাষ্ট্র দল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুভকামনা নিশ্চিতভাবেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তাদের বাড়তি উৎসাহ জোগাবে।
টিম ইউএসএ-র প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে গতকাল (রোববার) সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্ট দেন ট্রাম্প। সেখানে তিনি লেখেন, “আমি মাত্র জানতে পারলাম ভারতে ক্রিকেট বিশ্বকাপ চলছে। টিম ইউএসএ-কে আমার শুভকামনা। আমাদের একটি খুব শক্তিশালী দল আছে। আমেরিকা তোমাদের জন্য জয়ধ্বনি দিচ্ছে।”
গতকাল রাত ৯টা ১২ মিনিটে দেওয়া এই পোস্টটি আসে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের কাছে যুক্তরাষ্ট্রের ২৯ রানে হারের একদিন পর। পোস্টটিতে যুক্তরাষ্ট্র দলের একটি ছবি যুক্ত ছিল, যা অল্প সময়ের মধ্যেই প্রায় তিন হাজার লাইক এবং ছয় শতাধিক রিটুইট পায়।
তবে পোস্টের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক ক্রিকেটভক্ত। তাদের কৌতূহল যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ম্যাচ খেলেছে এত দেরিতে কেন বিষয়টি ট্রাম্পের নজরে এলো।
ম্যাচে পরাজিত হলেও যুক্তরাষ্ট্রের বোলাররা দারুণ পারফরম্যান্স দেখান। মাত্র ৭৭ রানের মধ্যেই ভারতের ছয়টি উইকেট তুলে নেয় তারা। তবে সূর্যকুমার যাদবের দৃঢ় ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত, এরপর বোলাররাই জয়ের কাজ শেষ করেন।
সুপার এইটে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে।
-এমইউএম










