এবারের বিগ ব্যাশ লিগে প্রথমবার মার্কু ক্রিকেটার হিসেবে সিডনি সিক্সার্সে নাম লেখান পাকিস্তানি তারকা ব্যাটার বাবর আজম। তার আগমনের পর থেকেই অস্ট্রেলিয়ায় তাকে ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা যায়। দর্শকদের জন্য ‘বাবরিস্তান’ নামে আলাদা ফ্যান জোনও চালু করে সিডনি সিক্সার্স। তবে এত প্রচারণার বিপরীতে ব্যাট হাতে ধারাবাহিকভাবে হতাশাই উপহার দিচ্ছেন বাবর।
গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) বিগ ব্যাশে নিজের চতুর্থ ম্যাচ খেলেন সাবেক এই পাকিস্তানি অধিনায়ক। মেলবোর্ন স্টারসের বিপক্ষে তিনি ৭ বল মোকাবিলা করে মাত্র ২ রান করে আউট হন। বাবরের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে সিডনি সিক্সার্স তোলে ১৪৪ রান। জবাবে মার্কাস স্টয়নিসের নেতৃত্বে মেলবোর্ন স্টারস ১৫ বল ও ৭ উইকেট হাতে রেখে সহজেই লক্ষ্যে পৌঁছে যায়।
এই হারে চার ম্যাচে তৃতীয়বারের মতো পরাজয়ের মুখ দেখল বাবরের দল সিডনি সিক্সার্স। এখন পর্যন্ত টুর্নামেন্টে এক ম্যাচেই রান পেয়েছেন বাবর, আর সেই ম্যাচেই জয় পায় সিডনি। ওই ম্যাচে ৪২ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৮ রান করেন তিনি। যদিও তার স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা ছিল। সে ম্যাচে জশ ফিলিপের ৫৭ বলে ৯৬ রানের ঝোড়ো ইনিংসে ভর করেই জয় নিশ্চিত করে সিক্সার্স।
অন্যদিকে বাকি তিন ম্যাচে বাবরের ব্যাট থেকে এসেছে মাত্র ২, ৯ ও ২ রান। এতে বোঝাই যাচ্ছে, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে কতটা সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছেন ৩১ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার।
এর আগে আন্তর্জাতিক ক্রিকেটেও দীর্ঘ সময় সেঞ্চুরিখরায় ভুগতে হয়েছে বাবর আজমকে। গত ১৪ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে ৮০৭ দিন ও ৮৩ ইনিংস পর সেঞ্চুরির দেখা পান তিনি। কাকতালীয়ভাবে, সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও এক পর্যায়ে টানা ৮৩ ইনিংস সেঞ্চুরি পাননি। দুজনেই সমান সংখ্যক ইনিংসে সেঞ্চুরির খরায় ভুগেছিলেন।
এমইউএম/










