কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো উন্নয়নকারী অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান ফার্মাস (Firmus) বৈশ্বিক প্রাইভেট ইকুইটি জায়ান্ট ব্ল্যাকস্টোন ও মার্কিন প্রযুক্তি বিনিয়োগকারী কোটু ম্যানেজমেন্ট–এর নেতৃত্বে ১০ বিলিয়ন ডলারের একটি ঋণ অর্থায়ন প্যাকেজ চূড়ান্ত করেছে।
সোমবার এক বিবৃতিতে ফার্মাস জানায়, এই অর্থ ব্যবহার করা হবে তাদের ‘প্রজেক্ট সাউথগেট’–এর পরবর্তী ধাপ বাস্তবায়নে। এই প্রকল্পের আওতায় অস্ট্রেলিয়াজুড়ে এআই প্রশিক্ষণ ও ইনফারেন্স অবকাঠামো, বিশেষ করে ডেটা সেন্টার নির্মাণ করা হচ্ছে।
এই উদ্যোগে ফার্মাসের অংশীদার হিসেবে রয়েছে সিডিসি ডেটা সেন্টার্স এবং যুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া (Nvidia)। প্রতিষ্ঠানটি জানায়, আগামী তিন বছরের মধ্যে এই প্রকল্পের মোট সক্ষমতা সর্বোচ্চ ১.৬ গিগাওয়াটে পৌঁছাতে পারে।
ব্ল্যাকস্টোনের ট্যাকটিক্যাল অপরচুনিটিজ গ্রুপের সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর জন ওয়াটসন বলেন,
“এআই বিপ্লবকে চালিত করার জন্য যে অবকাঠামো দরকার, তা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ থিমগুলোর একটি। ফার্মাসের ধারাবাহিক প্রবৃদ্ধিতে অর্থায়ন করতে পেরে আমরা আনন্দিত।”
তিনি আরও বলেন, “এআই খাত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অবকাঠামোগত নির্মাণ কার্যক্রমের সূচনা করেছে, আর এই রূপান্তরে অস্ট্রেলিয়া একটি কেন্দ্রীয় ভূমিকা রাখতে পারে বলে আমরা বিশ্বাস করি।”
উল্লেখ্য, গত বছর ফার্মাস দুই দফায় মোট ৮৩০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ইকুইটি তহবিল সংগ্রহ করে, যেখানে এনভিডিয়া এবং অস্ট্রেলিয়ান বিনিয়োগকারী প্রতিষ্ঠান এলারস্টন ক্যাপিটাল বিনিয়োগ করেছিল।
বিশ্লেষকদের মতে, এই বিপুল অঙ্কের অর্থায়ন অস্ট্রেলিয়াকে এআই অবকাঠামোর একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র: রয়টার্স
সাবরিনা রিমি/










