ইবাদতকে আরও প্রাণবন্ত ও সহজ করতে ৮ অ্যাপ

স্মার্টফোনের সঠিক ব্যবহার আপনার ইবাদতকে আরও সহজ ও সুশৃঙ্খল করতে পারে। সিয়াম সাধনার মাস রমজান। এই পবিত্র মাসে ইবাদতে মনোযোগ বাড়াতে রয়েছে বেশ কিছু স্মার্টফোন অ্যাপ। নামাজের সময় ও কিবলার দিন নির্ণয় করা থেকে শুরু করে কোরআন তিলওয়াতের জন্যও আছে চমৎকার সব সফটওয়্যার। অ্যানড্রয়েড এবং আইওএস দুটি প্ল্যাটফর্মেই অ্যাপগুলো পাওয়া যাবে।

মুসলিম প্রো

বিশ্বের প্রতিটি দেশের মুসলমানদের মধ্যে সমাদৃত অ্যাপ মুসলিম প্রো। সাহরি ও ইফতারের সঠিক সময় দেখা যায় এতে। নামাজের ওয়াক্ত অনুযায়ী সঠিক সময়ে এটি আজান প্রচার করে। নামাজের জন্য কিবলার দিক নির্ভুলভাবে নির্ণয়েও এই অ্যাপটি কাজের।

অ্যাপের মধ্যেই পুরো কোরআন শরিফের ডিজিটাল সংস্করণ দেওয়া হয়েছে। বিভিন্ন ভাষায় কোরআনের অনুবাদ পড়ার সুযোগও থাকছে এতে। জিকিরের জন্য এতে রয়েছে ডিজিটাল কাউন্টার বা ডিজিটাল তাসবিহ।

সাদিক

মুসলিমদের সফরের সঙ্গী এই অ্যাপ।

চলার পথে এটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করতে পারে। নতুন স্থানের নামাজের সময় ও কিবলা খুঁজে পেতে এটি সাহায্য করে। এর ইন্টারফেস খুব সহজবোধ্য ও ব্যবহারবান্ধব। রমজানের ক্যালেন্ডার দেখার জন্য অনেকেই এই অ্যাপটি পছন্দ করে। জিপিএস ব্যবহার করলেও এটি ফোনের ব্যাটারিতে তেমন চাপ ফেলে না।

ইসলাম ৩৬০

ইসলামিক জ্ঞানের ভাণ্ডার এই অ্যাপ। এতে রয়েছে কোরআন, হাদিস ও তাফসিরের বিশাল সংগ্রহ। যেকোনো বিষয়ে জানার জন্য সার্চ বক্সে লিখে সার্চ করলেই সংশ্লিষ্ট আয়াত বা হাদিস খুঁজে পাওয়া যাবে। মুসলিমদের প্রধান ছয়টি হাদিস গ্রন্থ বা ‘সিহাহ সিত্তাহ’ এর মধ্যে পাওয়া যাবে। রমজানে মাসআলা-মাসায়েল জানার জন্য এটি দারুণ কার্যকরী। তিলাওয়াতের পাশাপাশি অন্যান্য ধর্মীয় আলোচনার অডিও শোনার সুবিধাও এতে রয়েছে।

আজান

ওয়াক্ত অনুযায়ী সঠিক সময়ে নামাজ পড়ার নোটিফিকেশন দেয় এই অ্যাপ। এতে বিশ্বের হাজারো শহরের নামাজের সময়সূচি দেওয়া আছে। ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করে কাছাকাছি থাকা মসজিদগুলোর তালিকাও এখানে পাওয়া যাবে। হিজরি ক্যালেন্ডার দেখার জন্যও এটি কাজের। ক্যালেন্ডার থেকে ইসলামের বিশেষ দিনগুলো সম্পর্কেও বিস্তারিত জানা যাবে।

জিকির অ্যান্ড দোয়া

এই অ্যাপে পাওয়া যাবে প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় সব দোয়া। এটি ‘হিসনুল মুসলিম’ কিতাবের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। রমজানের প্রতিদিনের বিশেষ আমল ও দোয়াগুলো দিয়ে সাজানো হয়েছে এটি। সকাল ও সন্ধ্যার জিকির করার কথা মনে করিয়ে দিতে এটি নোটিফিকেশন পাঠায়। অ্যাপটির ইন্টারফেসও সহজবোধ্য। ব্যবহারকারীরা সহজেই দোয়া খুঁজে বের করতে পারবে।

তারতিল

শুদ্ধ কোরআন তিলাওয়াত চর্চার জন্য চমৎকার অ্যাপ তারতিল। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এতে। ব্যবহারকারীর তিলাওয়াত শুনে এআই কাজে লাগিয়ে অ্যাপটি ভুলগুলো ধরিয়ে দেবে। কোরআন মুখস্থ করার ক্ষেত্রেও এটি দারুণ সহায়ক। রমজানে কোরআন খতম করা ও তিলাওয়াত উন্নত করতে এটি দারুণ কাজের। তিলওয়াত করার জন্য কোরআনের আয়াতও স্ক্রিনে স্বয়ংক্রিয়ভাবে তুলে ধরে এটি।

নুসুক

যারা হজ্জ বা উমরাহ পালনের পরিকল্পনা করছেন, তাদের জন্য সৌদি আরবের সরকারি এই অ্যাপটি ইবাদতের অন্যতম সফরসঙ্গী।

নূর

নামাজের সময়সূচী, কুরআন তিলাওয়াত এবং ইসলামিক লাইফস্টাইলের প্রয়োজনীয় অনেক ফিচার এতে একসাথেই পাওয়া যায়।