জবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীদের বিচারের দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট।

রবিবার (৮ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মো. মেহেদী হাসান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও পেশাগত দায়িত্বে নিয়োজিত একাধিক সাংবাদিক আহত হন। হামলার ঘটনাকে অত্যন্ত ন্যক্কারজনক, নিন্দনীয় এবং গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে অভিযোগ করা হয়, দায়িত্ব পালনকালে সাংবাদিকদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
হামলায় গুরুতর আহত হয়ে দৈনিক আমার দেশের জবি প্রতিনিধি লিমন ইসলাম এবং ডেইলি স্টারের জবি প্রতিনিধি রাকিব মাদবর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে লিমন ইসলামের অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানানো হয়েছে। সহকর্মীদের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, “সাংবাদিকদের ওপর হামলা মানে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করার অপচেষ্টা। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এ ধরনের হামলা শুধু ব্যক্তির ওপর নয়, বরং স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত।”
এ ঘটনায় ৫ দফা দাবি জানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট :
১. হামলার ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে।
২. জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
৩. আহত সাংবাদিকদের উন্নত চিকিৎসা নিশ্চিত ও প্রয়োজনীয় ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
৪. ভবিষ্যতে ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫. পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের অবাধ পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেয় সাংবাদিক জোট।
-বেলাল হোসেন