অধ্যাদেশ জারির দাবিতে ফের উত্তাল সায়েন্স ল্যাব

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ অবিলম্বে জারির দাবিতে আবারও রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা জড়ো হয়ে সড়ক অবরোধ করলে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
 আন্দোলনকারী শিক্ষার্থীদের সাফ কথা—আজকের উপদেষ্টা পরিষদের সভায় প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের হালনাগাদ খসড়া অনুমোদন করতে হবে এবং রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে। শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।
এর আগে  বুধবারও রাজধানীর অন্তত চারটি পয়েন্টে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা। গতকাল দুপুর ১টার দিকে সায়েন্স ল্যাব, পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড় এবং সাড়ে ১২টার দিকে মিরপুরের টেকনিক্যাল মোড়ে অবরোধ শুরু করা হয়। এছাড়াও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালী এলাকায় সড়ক অবরোধ করেন। দীর্ঘ কয়েক ঘণ্টা অবস্থানের পর বিকেলের দিকে তারা সড়ক ছাড়লেও আজ আবারও কঠোর কর্মসূচিতে ফিরেছেন তারা।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের পরিমার্জিত খসড়া গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় বলছে, খসড়াটি দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি এবং আইন মন্ত্রণালয়ের আইনি যাচাই (ভেটিং) শেষে উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
সকাল থেকে সায়েন্স ল্যাব মোড় অবরোধের ফলে মিরপুর রোড ও আজিমপুর অভিমুখে চলাচলকারী শত শত যানবাহন আটকা পড়ে। তীব্র যানজট সৃষ্টি হয় নিউমার্কেট, নীলক্ষেত এবং এলিফ্যান্ট রোড এলাকায়। অনেক মানুষকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন এবং সরকারের পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপ না আসা পর্যন্ত তাদের এই অবস্থান বজায় থাকবে।
–লামিয়া আক্তার