জামায়াতে ইসলাম ক্ষমতায় এলে জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন করা হবে: শিবির সভাপতি

১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইলে ১১ দলীয় ঐক্যের ফুলকপি প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “জামায়াতে ইসলাম ক্ষমতায় এলে জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন করা হবে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের ভোটে জামায়াতে ইসলাম সরকার গঠন করলে এমপি ও মন্ত্রীরা পাই থেকে চুল পরিমাণ পর্যন্ত হিসাব দিতে বাধ্য থাকবে।”

তিনি বলেন, “ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নেতারা নির্বাচিত হওয়ার পরও কোনো গাড়ি হয়নি, বাড়ি হয়নি, এমনকি নতুন কাপড়ও বদলায়নি এটাই বাংলাদেশে জামায়াতে ইসলামীর বাস্তব চিত্র। অথচ যারা বারবার ক্ষমতায় গেছে, তারাই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। একটি ফ্যাসিবাদী সরকার ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আর কোনো ফ্যাসিবাদী ও দুর্নীতিবাজকে ক্ষমতায় বসতে দেওয়া যাবে না। তাই জনগণকে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা অথবা জামায়াত-সমর্থিত প্রার্থীর ফুলকপি প্রতীকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করুন। নান্দাইল আসনের প্রার্থী অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন একজন ভালো মানুষ। আপনারা তাকে ভালো করেই চেনেন। আগামীর বাংলাদেশ গড়তে তাকে ফুলকপি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের খাদেম হিসেবে কাজ করার সুযোগ দিন ইনশাল্লাহ।”

নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির কাজী শামসুদ্দিনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই নির্বাচনী জনসভায় আরও বক্তব্য রাখেন নান্দাইল আসনে জামায়াত-সমর্থিত ফুলকপি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন, বাংলাদেশ খেলাফত মজলিস নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতি মাওলানা শামছুল ইসলাম রহমানি, মুফতি আরিফ আব্দুল্লাহ, মুস্তাফিজুর রহমান মোস্তাক, মাওলানা খাইরুল ইসলাম, নুরুল আমিন, যুব পরিষদ নেতা আরিফ খান, ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম হামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন তাঁর বক্তব্যে বলেন, “১২ ফেব্রুয়ারি ফুলকপি প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে দেশে নজিরবিহীন জনগণের রাজনীতি প্রতিষ্ঠা করব। আপনারা হবেন এমপি, আর আমি হব আপনাদের পাহারাদার। নান্দাইলের রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানসহ সব উন্নয়ন কার্যক্রমের সুনির্দিষ্ট তালিকা জনগণের সামনে প্রকাশ করা হবে। জীবন দিয়ে হলেও মানুষের উন্নয়নে কাজ করে যাব ইনশাল্লাহ। নান্দাইলের রাজনীতি একদিন পুরো বাংলাদেশ অনুকরণ করবে।”

-মোঃ সাইদুর রহমান,নান্দাইল