ভোটকেন্দ্রে যেসব কাজ করতে পারবে না পুলিশ

পুলিশ সদর দপ্তর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য ২২ ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে।

এই নির্দেশনা অনুযায়ী:

  • ভোটকালীন সময়ে কোনো পুলিশ সদস্যই প্রার্থী, এজেন্ট বা সমর্থকদের কাছ থেকে খাবার, উপহার বা অন্য কোনো সুবিধা গ্রহণ করতে পারবেন না।
  • প্রার্থীদের সঙ্গে ছবি তোলা, আলাপচারিতা বা ঘনিষ্ঠ হওয়া, ভোটার বা নির্বাচন কর্মকর্তাদের কাজে অযথা হস্তক্ষেপ, প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া ভোটকক্ষে প্রবেশ, কিংবা ভোটারদের কোনো প্রার্থী বা প্রতীকের পক্ষে-বিপক্ষে প্রভাবিত করার চেষ্টা সম্পূর্ণ নিষিদ্ধ।
  • এছাড়া কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা সমর্থকের প্রতি পক্ষপাতমূলক আচরণ করা, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে বলপ্রয়োগ বা লাঠিপেটা করা, রাজনৈতিক মিছিলে অংশগ্রহণ বা কার্যালয়ে উপস্থিত থাকা, রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ প্রকাশ করা এবং গালিগালাজ, হুমকি বা অবমাননাকর আচরণ করাও কড়াভাবে বারণ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে:

  • নির্বাচনী আইন ও বিধিমালার পরিপন্থী কোনো নির্দেশনা পালন করা যাবে না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক পোস্ট,শেয়ার,কমেন্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ। দায়িত্বকালে অপ্রয়োজনে ফোন ব্যবহার বা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকা যাবে না, বিশেষ করে ভোটগ্রহণের দিনে ব্যক্তিগত আলাপচারিতায় মোবাইল ফোন ব্যবহার একদম নিষিদ্ধ।
  • নির্বাচন-সংক্রান্ত সংবেদনশীল কোনো তথ্য প্রকাশ, ভোটের ফলাফল বা সম্ভাব্য বিজয়ী প্রার্থী নিয়ে পূর্বানুমান বা আলোচনা করা, অফিসিয়াল অনুমতি ছাড়া স্পর্শকাতর ঘটনার ছবি-ভিডিও পাঠানো এবং একত্রে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করা যাবে না।
  • জনসমাগম স্থল বা খোলা জায়গায় যত্রতত্র খাবার খাওয়া, ফুটপাত বা টং দোকানে বসা, এবং বাদাম, ভাপা পিঠা, চানাচুর, জিলাপি, বিস্কুট, কলা ইত্যাদি খাওয়া, অশোভন পোশাক পরিধান ও অপেশাদার আচরণ থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তর বলেছে, এই নিয়মগুলো অমান্য করলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

-এমইউএম