সুপার বোল বিজ্ঞাপনে OpenAI-কে খোঁচা অ্যানথ্রপিকের, শুরু প্রকাশ্য AI দ্বন্দ্ব

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতের দুই শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব এবার পৌঁছেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ক্রীড়া আসর সুপার বোলে। জনপ্রিয় এই আয়োজনের সময় সম্প্রচারিত এক বিজ্ঞাপনে ওপেনএআইয়ের বিরুদ্ধে পরোক্ষ কটাক্ষ করেছে অ্যানথ্রপিক।

রোববার অনুষ্ঠিত ন্যাশনাল ফুটবল লিগ (NFL) চ্যাম্পিয়নশিপ ম্যাচের সময় এনবিসি নেটওয়ার্কে প্রচারিত অ্যানথ্রপিকের ৩০ সেকেন্ডের বিজ্ঞাপনে ইঙ্গিত দেওয়া হয় যে, ওপেনএআই তাদের জনপ্রিয় চ্যাটবট ChatGPT-তে বিজ্ঞাপন যুক্ত করার পরিকল্পনা করছে। বিজ্ঞাপনের শেষ লাইনে বলা হয় “AI-তে বিজ্ঞাপন আসছে। কিন্তু ক্লডে নয়।” এখানে ‘ক্লড’ হলো অ্যানথ্রপিকের নিজস্ব চ্যাটবট।

বিজ্ঞাপনটিতে দেখা যায়, এক তরুণ শরীরচর্চা নিয়ে পরামর্শ চাইলে এক ব্যক্তি রোবটের মতো কণ্ঠে তাকে ব্যক্তিগত ফিটনেস পরিকল্পনা দেওয়ার কথা বলেন। তবে হঠাৎ করেই তিনি একটি জুতার ইনসোলের প্রচার শুরু করেন, যা বিজ্ঞাপনের অনুপ্রবেশ নিয়ে ব্যঙ্গ হিসেবে দেখানো হয়েছে।

এই বিজ্ঞাপন নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বিজ্ঞাপনটিকে “ভ্রান্তিকর” বলে আখ্যা দেন। পরে এক পডকাস্ট সাক্ষাৎকারে অল্টম্যান বলেন,
“আমরা ব্যবহারকারীদের সম্মান করি। বিজ্ঞাপনে যেভাবে দেখানো হয়েছে, তেমন কিছু করলে মানুষ আমাদের পণ্য ব্যবহার করা বন্ধ করে দিত।”

উল্লেখ্য, ওপেনএআইও এবারের সুপার বোলে বিজ্ঞাপন প্রচার করছে, যেখানে তারা তাদের সফটওয়্যার কোডিং পণ্য Codex-এর প্রচারণা চালাচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই সুপার বোল বিজ্ঞাপন যুদ্ধ AI শিল্পের ক্রমবর্ধমান প্রতিযোগিতার প্রতিফলন। অ্যানথ্রপিক ও ওপেনএআই দুটো প্রতিষ্ঠানই এখনো লাভজনক নয় এবং ভোক্তা ও ব্যবসায়িক গ্রাহকদের পাশাপাশি বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণে মরিয়া। শিগগিরই শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনাও করছে তারা।

বিজ্ঞাপন বিশেষজ্ঞদের মতে, এত বড় মঞ্চে AI কোম্পানিগুলোর উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আগ্রহ ও স্বাচ্ছন্দ্য বাড়াতে পারে। তবে সঠিক বার্তা ও উপস্থাপনই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সূত্র: রয়টার্স

সাবরিনা রিমি/