গুজব বা যাচাইহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন-সাবিলা নূর

জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে অভিনেত্রীর নামে একটি বক্তব্য প্রচার করা হলেও আদতে এমন কোনো মন্তব্য তিনি করেননি। বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ালে নিজেই ফেসবুকে একটি পোস্ট দিয়ে সবাইকে সতর্ক করেছেন সাবিলা নূর।

নিজের ভেরিফায়েড ফেসবুক হ্যান্ডলে দেওয়া পোস্টে সাবিলা নূর লেখেন, “আমাকে জড়িয়ে একটি ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে। স্পষ্টভাবে জানাতে চাই, যদি কখনো আমি কোনো বিষয়ে কোনো বক্তব্য দিই, তা শুধু মূলধারার গণমাধ্যমের মাধ্যমেই প্রকাশিত হবে।” তিনি অনুরোধ জানান, গুজব বা যাচাইহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে।

এছাড়াও সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ছবি ও ভিডিও নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, “বর্তমানে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণে আমার মতো অনেক আর্টিস্টকে প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যা একেবারেই কাম্য নয়।” সাবিলা নূরের মতে, অনেক সময় ভালোবাসা বা আবেগ থেকে এসব কনটেন্ট তৈরি করা হলেও সেগুলো সামগ্রিকভাবে বিভ্রান্তি সৃষ্টি করে এবং ভুল বার্তা ছড়ায়।

ভক্ত ও দর্শকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আমার দর্শকরা সব সময়ই সচেতন ছিলেন। আশা করছি, ভবিষ্যতেও তারা এ বিষয়ে অবগত থাকবেন।” একই সঙ্গে বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকার অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, সামাজিক মাধ্যমে তারকাদের নাম ব্যবহার করে ভুয়া বক্তব্য বা ফটোকার্ড ছড়ানোর ঘটনা দিন দিন বাড়ছে। এতে যেমন সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন, তেমনি শিল্পীরাও পড়ছেন অপ্রত্যাশিত চাপের মুখে। সাবিলা নূরের এই সতর্কবার্তা ভক্তদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সামগ্রিকভাবে ডিজিটাল সচেতনতার প্রয়োজনীয়তাও তুলে ধরে।

-বিথী রানী মণ্ডল