লেভেল প্লেয়িং ফিল্ড ও আইনশৃঙ্খলা নিয়ে নালিশ দিতে আজ ইসিতে যাচ্ছে জামায়াত

সারাদেশে নির্বাচনী পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ নিয়ে আজ নির্বাচন কমিশনের (ইসি) দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিকেল সাড়ে ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ে দলটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল লিখিত অভিযোগ পেশ করবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে পাঁচ সদস্যের এই প্রতিনিধি দল ইসিতে পৌঁছানোর কথা রয়েছে। প্রতিনিধি দলে দলটির নির্বাচন পরিচালনা কমিটির শীর্ষস্থানীয় সদস্যরাও অন্তর্ভুক্ত রয়েছেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুর রহমান জানিয়েছেন, নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই বলে মনে করছে জামায়াত। বিশেষ করে: দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের ওপর হামলা ও নিরাপত্তাহীনতার অভিযোগ। ক্ষমতাসীন বা বিরোধী বিভিন্ন দলের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত অসঙ্গতি। নির্বাচনী কার্যক্রমে বাধা প্রদান ও নানা প্রশাসনিক জটিলতা নিয়ে জামায়াত তাদের আপত্তির কথা তুলে ধরবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) জামায়াত আমিরের জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে। তার ঠিক এক দিন আগে নির্বাচন কমিশনে জামায়াতের এই আনুষ্ঠানিক অভিযোগ প্রদান রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ১২ ফেব্রুয়ারির ভোট গ্রহণ অবাধ ও সুষ্ঠু করতে ইসিকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে।

-লামিয়া আক্তার