আইসিসির সঙ্গে যোগাযোগ নিয়ে ভারতীয় সাংবাদিকের দাবি ‘কাল্পনিক: আমির মীর

ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্ভাব্য ম্যাচ বয়কট ইস্যুতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যোগাযোগ করেছে ভারতীয় ক্রীড়া সাংবাদিক বিক্রান্ত গুপ্তর এমন দাবি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে পিসিবি।

ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ ক্রিকেট বিশ্বের অন্যতম আকর্ষণীয় আয়োজন। এই ম্যাচকে কেন্দ্র করে ব্রডকাস্ট, স্পন্সরশিপ ও বিজ্ঞাপন থেকে বিপুল রাজস্ব অর্জিত হয়। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে প্রাদেশিক সরকারের নির্দেশে কলম্বোতে ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ পরিস্থিতিতে সমস্যার গ্রহণযোগ্য সমাধানের আহ্বান জানিয়েছে আইসিসি।

এর মধ্যেই গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে বিক্রান্ত গুপ্ত দাবি করেন, “পিসিবি তাদের অফিসিয়াল যোগাযোগের জবাব পাওয়ার পর এখন ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচ নিয়ে আলোচনার জন্য আইসিসির সঙ্গে যোগাযোগ করেছে।”

এই দাবির প্রতিক্রিয়ায় পিসিবির মুখপাত্র আমির মীর বলেন, “ভারতীয় ক্রীড়া সাংবাদিক বিক্রান্ত গুপ্তর এই দাবি আমি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি যে পিসিবি আইসিসির সঙ্গে যোগাযোগ করেছে। বরাবরের মতোই ভারতীয় সংবাদমাধ্যমের একটি অংশ কাল্পনিক তথ্য ছড়াতে ব্যস্ত।” তিনি আরও বলেন, “অল্প কিছু সময় ও ধৈর্য ধরলেই স্পষ্ট হয়ে যাবে আসলে কারা কার কাছে গিয়েছিল এবং কারা যায়নি।”

এ বিষয়ে সমাধান খুঁজতে আজ (রোববার) আইসিসি একটি ভার্চুয়াল বৈঠক আহ্বান করেছে। বৈঠকে পিসিবি অংশ নেবে। বাংলাদেশের পক্ষ থেকে বিসিবির প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

-এমইউএম