বিএনপি ক্ষমতায় গেলে চাঁদাবাজি-ব্যাংক লুটে জড়াবে: কর্নেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, ‘বিএনপির দেশ পরিচালনার কোনো সক্ষমতা নেই। তারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ব্যাংক লুট ও চট্টগ্রাম বন্দর দখলের মতো কর্মকাণ্ডে জড়াবে। আমরাই নিশ্চিত ক্ষমতায় আসব। ১২ তারিখের পর চোরেরা জেলে থাকবে।

শনিবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেল চত্বরে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গে অলি আহমদ বলেন, ‘দেশ এখন দুই ভাগে বিভক্ত। একদিকে মোদির (ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) দালালেরা, অন্যদিকে আমরা বাংলাদেশিরা। বিএনপি এখনও মোদির বাইরে কথা বলতে পারছে না। তাদের নেতাও ভারতের ইশারা ছাড়া দেশে আসেনি।

নিজের ছাত্রজীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে এলডিপি সভাপতি বলেন, ‘আমি যখন ক্যাপ্টেন ছিলাম, তখন পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। তারা বাংলাদেশিদের ঘৃণা করত, ন্যায্য পাওনা দিত না। বৈষম্যের শিকার হয়েছিলাম। তখন থেকেই মনে স্বাধীনতার দানা বেঁধে ছিল।

বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা বই পড়েন, কিন্তু বিএনপির বই পড়েন না। জামায়াত মাইর খায়, মাল খায় না। বিএনপি মাল খায়, কিন্তু মাইর খায় না। বিএনপি শেখ হাসিনার চলে যাওয়া চায়নি, বরং সেটি জামায়াত ও এলডিপিসহ অন্যান্য শক্তির দাবি ছিল।’ নিজের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘ক্যাপ্টেন অলি হিসেবে আমি সর্বপ্রথম বিদ্রোহ করেছি। পাকিস্তানি অফিসারদের আটক করেছি। জিয়াউর রহমানকে ফিরিয়ে এনেছি।

দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও আনোয়ারা উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল হোসেন খোকার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-১৩ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মোহাম্মদ নজরুল ইসলাম, জামায়াতের অঞ্চল টিম সদস্য জাফর সাদিক, এনসিপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জুবায়েরুল আলম মানিক প্রমুখ।

-সাইমুন