ব্যাংকিং কাজ স্বয়ংক্রিয় করতে এআই এজেন্টে হাত মিলিয়েছে গোল্ডম্যান স্যাকস ও অ্যানথ্রপিক

ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস ব্যাংকিং কার্যক্রম আরও দ্রুত ও দক্ষ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের পথে এগোচ্ছে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক এআই স্টার্টআপ অ্যানথ্রপিক–এর সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গোল্ডম্যান স্যাকসের প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা মার্কো আর্জেন্টি জানান, গত ছয় মাস ধরে অ্যানথ্রপিকের প্রকৌশলীরা ব্যাংকের বিভিন্ন টিমের সঙ্গে সরাসরি কাজ করছেন। এই সহযোগিতার মূল লক্ষ্য হলো এমন এআই-চালিত স্বয়ংক্রিয় এজেন্ট তৈরি করা, যা ট্রেড ও লেনদেনের হিসাবরক্ষণ, গ্রাহক যাচাই (ডিউ ডিলিজেন্স) এবং নতুন গ্রাহক যুক্ত করার মতো গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ কাজগুলো নিজে থেকেই সম্পন্ন করতে পারবে।

গোল্ডম্যান স্যাকস রয়টার্সকে জানিয়েছে, সিএনবিসির প্রকাশিত তথ্য সঠিক এবং প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। অ্যানথ্রপিকের Claude মডেলের ওপর ভিত্তি করে তৈরি এই এআই এজেন্টগুলো ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে সময় ও জনবল নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমাবে বলে আশা করা হচ্ছে।

অ্যানথ্রপিক বর্তমানে কর্পোরেট খাতকে লক্ষ্য করে তাদের বিভিন্ন এআই পণ্য বাজারজাত করছে। এর মধ্যে রয়েছে Claude Cowork, যা হোয়াইট-কলার কর্মীদের জন্য কম্পিউটারভিত্তিক নানা কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পাদন করতে সক্ষম।

মার্কো আর্জেন্টি জানান, নির্দিষ্ট সময়সীমা না জানালেও গোল্ডম্যান স্যাকস শিগগিরই এই এআই এজেন্টগুলো বাস্তব কাজে ব্যবহার শুরু করার পরিকল্পনা করছে।

বিশ্লেষকদের মতে, বড় ব্যাংকগুলোর এআই নির্ভর স্বয়ংক্রিয় ব্যবস্থার দিকে ঝুঁকে পড়া ভবিষ্যতে বৈশ্বিক ব্যাংকিং খাতে কাজের ধরন ও কর্মসংস্থানের কাঠামোয় বড় পরিবর্তন আনতে পারে।

সূত্র: রয়টার্স

সাবরিনা রিমি/